নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে ২৫টি পরিবহন মালিক সংগঠনের ডাকা ধর্মঘট ৪ ঘণ্টা পর প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ভাঙ্গা রাস্তা মেরামত ও আগামী দুই মাসের মধ্যে রাস্তার সংস্কার কাজ সমাপ্ত করার ব্যাপারে ঢাকা সড়ক ও জনপথ বিভাগের আশ্বাসের প্রেক্ষিতে রোববার ১০ টার দিকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে পূর্বনির্ধারিত এই ধর্মঘট চলাকালে সকাল ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে। বিশেষ করে অফিসগামী লোকজন, শিক্ষার্থী ও অসুস্থদের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়।
ধর্মঘটের সমর্থনে পরিবহন শ্রমিকরা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে।
ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়ক সংস্কারের দাবিতে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ২৫টি পরিবহনের মালিক সংগঠনের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক ঐক্যজোট সকাল-সন্ধ্যা ধর্মঘট আহবান করে। তাদের সঙ্গে অন্যান্য পরিবহন সংগঠনও একাত্মতা ঘোষণা করে। ফলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে।
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জেলা বাস-মিনিবাস (কোম্পানী)-ট্রাক-কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য জোটের আহবায়ক মোক্তার হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ এ কে এম নাসিম ওসমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনূল্লা নূরী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন পাঠান রোববার থেকে রাস্তা মেরামত এবং আগামী দুই মাসের মধ্যে রাস্তার কাজ সম্পূর্ণ শেষ করার আশ্বাস দেন। ফলে সকাল ১০ টায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৫৯ ঘ.
bdnews24