২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য বিভাগে নিয়োগ 'দুর্নীতি': সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর

স্বাস্থ্য বিভাগে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শনিবার গাইবান্ধা ও ঝিনাইদহে সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতালে ভাংচুর করেছে অকৃতকার্য প্রার্থীরা। শরীয়তপুরে পরীক্ষার ফলাফল বাতিল ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য বিভাগে কর্মচারী নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শনিবার গাইবান্ধা ও ঝিনাইদহে সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতালে ভাংচুর করেছে অকৃতকার্য প্রার্থীরা। শরীয়তপুরে পরীক্ষার ফলাফল বাতিল ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ: গাইবান্ধা: জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর করেছে অকৃতকার্য প্রার্থীরা। সকাল ১১টার দিকে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করার পরই বঞ্চিত প্রার্থীরা সিভিল সার্জন কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে ও দরজা জানালা ভাংচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রার্থীদের অভিযোগ, নিয়োগ কমিটির কর্মকর্তারা প্রার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে পাস করিয়ে দেওয়ার জন্য গত ২৪ সেপ্টেম্বর পাঁচটি পদে অনুষ্ঠিত পরীক্ষার সময় তিন দফা পিছিয়ে দেয়। তারা জানান, লিখিত পরীক্ষা প্রবেশপত্রে নির্ধারিত সময় ১০টার পরিবর্তে কোনো কারণ ছাড়াই পিছিয়ে সাড়ে ১১টায় শুরু করা হয়। ওই সময়ে নিয়োগ কমিটি প্রশ্নপত্রের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অংশটি ফাঁস করে দেয়। সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, "তাৎক্ষণিকভাবে প্রশ্নপত্র তৈরি করে ফটোকপি করতে দেরি হওয়ায় পরীক্ষা পেছানো হয়। প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন।" যারা উত্তীর্ণ হতে পারেনি তারা ভাংচুর করেছে বলে তিনি জানান। তিনি আরো জানান, ৬৮টি পদে নিয়োগের বিপরীতে দুই হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে। ভুলত্র"টির কারণে ৯৪৭টি আবেদন বাতিল হয়। ঝিনাইদহ: সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝিনাইদহ সদর হাসপাতালের এক চিকিৎসকের কক্ষে ভাংচুর করেছে অকৃতকার্য প্রার্থীরা। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫-১৬ জনের একদল তরুণ তার কক্ষের চেয়ার টেবিল ও কাপ-প্লেট ভাংচুর করে। তিনি জানান, এর আগে তারা বেলা ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ে যায়। তবে অফিস বন্ধ থাকায় তারা সেখানে বিক্ষোভ কওে ফিরে আসে। সেখান থকে সদর হাসপাতাল কমপ্লেক্সে সিভিল সার্জনের বাসায় যায়। সেখানে সিভিল সার্জনকে না পেয়ে তারা ওয়ার্ডবয় নুরুল ইসলামকে মারধর করে। সিভিল সার্জন ডা. কেরামত আলী বলেন, "আমি যশোর আছি। হাসপাতালে কী ঘটেছে তা আমার জানা নাই। সরকার হাসপাতালে সব ধরনের নিয়োগ স্থগিত করেছে।" এদিকে হাসপাতালে ভাংচুর বা হামলার ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি সগির মিঞা। শরীয়তপুর: এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শরীয়তপুরে স্বাস্থ্য বিভাগের কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিল ও দুর্নীতিতে জড়িতদের শাস্তি দাবি করেছে অকৃকার্য প্রার্থীরা। গত শুক্রবার কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৮৪টি পদের বিপরীতে এক হাজার ৮৯১ জন প্রার্থী অংশ নেয়। লিখিত পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৯৭১ জন। অকৃতকার্য প্রার্থীদের অভিযোগ, সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের হিসাবরক্ষক কামরুল ইসলাম বাদল ও আরো কয়েকজন এই নিয়োগে টাকা নিয়ে দুর্নীতি করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক অনল কুমার দে সাংবাদিকদের বলেন, ভেদরগঞ্জ উপজেলার সাতজন প্রার্থীর কাছ থেকে ১৪ লাখ টাকা নিয়ে চাকরি দিতে ব্যর্থ হয়েছে হিসাবরক্ষক বাদল। তবে কামরুল ইসলাম বাদল অভিযোগ অস্বীকার করে বলেন, "আমি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নই।" সিভিল সার্জন ডা. গোলাম সারওয়ারও অভিযোগ অস্বীকার করে বলেন, "জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শ্যালককে চাকুরি না দেওয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯১০ ঘ.