চট্টগ্রাম, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশে বিয়ের আটদিন আগে বাসায় ঢুকে কনে ও তার দুই বোনের মুখ এসিড ছুড়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।
এসিড নিক্ষেপের ঘটনায় আহতরা হলেন- দুই বোন মুনতাহা কারিনা (২০), সালসাবিল তাসনিম (১৭) ও তাদের খালাতো বোন শারমিন ফারজানা (২০)।
শনিবার সকাল ৬টায় পাঁচলাইশ থানার জয়নগর এলাকার ৪০/বি চারতলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
আগামী ১০ অক্টোবর মুনতাহার বিয়ে হওয়ার কথা ছিলো। বিয়ের আমন্ত্রণপত্র দিতে তার বাবা-মা কক্সবাজার যাওয়ায় ঘটনার সময় বাসায় শুধু তারা তিনবোন ছিলেন।
পাঁচলাইশ থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) শওকত কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার সময় ওই তিনজন ছাড়া বাসায় কেউ ছিল না। আগামী ১০ অক্টোবর মুনতাহা কারিনার বিয়ের দিন নির্ধারিত থাকায় তাদের মা-বাবা বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র দিতে কক্সবাজারের চকরিয়ায় যান।"
মুনতাহার বাবা আনোয়ারুল মবিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে জানান শওকত।
আহত তিনবোনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।
শওকত জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে এসিড ছোড়া হয়েছে। এতে তিনজনেরই চোখ ছাড়া মুখের বেশিরভাগ পুড়ে গেছে।
আহতরা চিকিৎসাধীন থাকায় ঘটনা সম্পর্কে এখনো তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, "দুর্বৃত্তরা কতজন ছিল সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।"
চমেক হাসপতালের বার্ণ ইউনিটের প্রধান ডা. আইয়ুব আলীর বরাত দিয়ে শওকত জানান, কেমিক্যাল বার্ন হওয়ায় ২৪ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।
দুর্বৃত্তদের ধরতে পুলিশের তিনটি দল কাজ করছে বলে জানান তিনি। তিনি বলেন, "এসিড নিক্ষেপের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৯০১ ঘ.
bdnews24