খুলনা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ডুমুরিয়া উপজেলায় শনিবার দুপুরে এক 'চরমপন্থি'র লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার গুটুদিয়া ইউনিয়নের খড়িয়া বিলের পাশখালী খালের পশ্চিম পাশে লাশটি মাটিচাপা দেওয়া ছিল।
অধীর মণ্ডল (৩৬) নামের ওই ব্যক্তি গুটুদিয়া ইউনিয়নের উত্তর বিল পাবলা গ্রামের পঞ্চানন মণ্ডলের ছেলে।
তিনি নিষিদ্ধ ঘোষিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, দুপুরে ওই এলাকার কৃষকদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মাটি খুড়ে তার লাশ উদ্ধার করে। ২/৩ দিন আগে হত্যা করে তাকে মাটিচাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অধীর মণ্ডল চরমপন্থি দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনির্ধি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24