নারায়ণগঞ্জ, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবহেলায় মৃত্যুর অভিযোগে শুক্রবার এক রোগীর স্বজনরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হামলা চালিয়েছে।
এ সময় তারা জরুরি বিভাগে ভাংচুর ও এক চিকিৎসককে মারধর করে। এতে জরুরি বিভাগে একঘণ্টা কাজ বন্ধ থাকে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের চিকিৎসক নাজমুল হাসান জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে গনি মিয়া (৫০) নামের এক ব্যক্তি হাসপাতালে আসার পর চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত হয়। কিন্তু অ্যাম্বুলেন্স যোগাড় করতে দেরি হওয়ায় তিনি মারা যান।
তিনি বলেন, "রোগী মারা যাওয়ার পর তার স্বজনসহ এলাকার লোকজন আমাকে ও কর্মচারী জাকির হোসেনকে মারধর করে একটি কক্ষে একঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
"এ সময় জরুরি বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"
নিহত গনি মিয়ার স্বজন বাবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর রোগীকে চিকিৎসা না দিয়ে ডাক্তার মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে গল্প করছিলেন।"
তবে ডাক্তার নাজমুল হাসান এ অভিযোগ অস্বীকার করেছেন।
সিভিল সার্জন মতিয়ার রহমান জানান, ঘটনাটি তদন্তের জন্য শনিবার একটি কমিটি গঠন করা হবে।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে অবরুদ্ধ ডাক্তারকে মুক্ত করেছে। এরপর জরুরি বিভাগে চিকিৎসা আবার শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24