পঞ্চগড়, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পদে নিয়োগের মৌখিক পরীক্ষা দ্বিতীয় দফায় স্থগিত করা হয়েছে।
শনিবার এ পরীক্ষা হওয়ার কথা থাকলেও সিভিল সার্জন বৃহস্পতিবার রাতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছিলো।
সিভিল সার্জন ইমারউদ্দীন কায়েস সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কারণ কী- জানতে চাওয়া হলে তিনি বলেন, "কারণ নিশ্চয়ই আছে। তবে তা আমাকে জানানো হয়নি।"
সিভিল সার্জন অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৫টি পদের বিপরীতে গত ১৯ সেপ্টেম্বর ৫২৩ জন প্রার্থী লিখিত পরীক্ষা দেয়। সেদিন রাতে ৪৮ জনকে উত্তীর্ণ ঘোষণা করে ২০ সেপ্টেম্বর তাদের মৌখিক পরীক্ষা হওয়ার কথা জানানো হয়। এরপরই সিভিল সার্জন কার্যালয়ে ভাংচুর চালায় একদল যুবক।
হামলার জন্য স্থানীয়রা যুবলীগ-ছাত্রলীগের জড়িত থাকার ইঙ্গিত করলেও যে মামলা করা হয়েছে, তাতে কারো নাম বলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৭ ঘ.
bdnews24