সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক পোল্ট্রি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল ১০ টার দিকে শহরের ঘুট্টির বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হযরত আলী গাইন (৪৮) কালিগঞ্জ উপজেলার ঘুষুড়ি গ্রামের নেছার উদ্দীনের ছেলে।
সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারান চন্দ্র পাল সাংবাদিকদের জানান, ঘুট্টির বিলে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
লাশ উদ্ধারের পর তা হযরত আলীর বলে সনাক্ত করেন তার আত্মীয় স্বজনরা।
তারা পুলিশকে জানিয়েছেন, ব্যবসায়ীক কাজে হযরত আলী বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে শহরে আসেন।
এসআই হারান চন্দ্র জানান, ময়না তদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার গলায় জাল প্যাচানো ছিলো। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৯ ঘ.
bdnews24