গাজীপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে ট্রাকের ধাক্কায় এক নারী শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- দেল জাহান (৬০)। তিনি ভোগড়া এলাকায় সামশুদ্দিনের কাঁচমালের আড়তে কাজ করতেন। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার সোলাগাড়ি এলাকায়।
সদর উপজেলার নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, সড়ক পার হওয়ার সময় বগুড়াগামী সোডাবাহী ট্রাকটি দেল জাহানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা জানান, ট্রাক ও এর চালক আবুল হাসেমকে (৪৫) আটক করা হয়েছে।
দেল জাহানের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১৮ ঘ.
bdnews24