২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের আইনজীবীর কথা এবার বিএনপির রফিকুলের মুখে

একাত্তরে যুদ্ধ হয়েছিলো ভারত আর পাকিস্তানের মধ্যে- এ কথা এবার বললেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধ হয়েছিলো ভারত আর পাকিস্তানের মধ্যে- এ কথা এবার বললেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। দুই সপ্তাহ আগে একই বক্তব্য দিয়ে সমালোচনায় পড়েন যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামী নেতাদের আইনজীবী ফখরুল ইসলাম। এ জন্য তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে কয়েকটি মামলাও হয়েছে। ফখরুলের সুরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল শুক্রবার এক আলোচনা সভায় বলেন, "মুক্তিযুদ্ধের সারেন্ডার ডকুমেন্টস-এ পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধের কথা লেখা আছে। ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে। পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে, এমন কথা সেখানে লেখা নেই।" গত ২২ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফখরুলের ওই বক্তব্যের পর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছিলেন, "তা বিকৃত মস্তিস্কের লোকের প্রলাপ।" আর ট্রাইব্যুনালের আইনজীবীরা মনে করছেন, এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। এর জন্য তার নাগরিকত্ব বাতিল করা যায়। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে সেনাপতি আতাউল গণি ওসমানীর অনুপস্থিতির কথা তুলে ধরে রফিকুল বলেন, "১৯৯৭ সালে ভারতের জেনারেল জগৎ সিং আরোরা ঢাকা এসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে এই যুদ্ধে আত্মসমর্পণ কার কার মধ্যে হয়েছিলো। তিনি জবাব দিতে পারেননি। কেবল বলেছিলেন, 'আমি জবাব দিতে পারবো না। আমি দিল্লি থেকে যেভাবে নির্দেশ পেয়েছি, সেভাবে কাজ করেছি'।" সচেতন নাগরিক সমাজ নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'পিলখানা হত্যাকাণ্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ আইন' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রফিকুল। সভায় মূল প্রবন্ধ পড়ে শোনান সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমান। অনুষ্ঠানে ২০০৯ সালে ২৫-২৬ ফেব্র"য়ারি সংঘটিত পিলখানা বিদ্রোহ ঘটনাবলির ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বিডিআরের নাম পরিবর্তনের উদ্যোগের সমালোচনা করে রফিকুল বলেন, "যে বাহিনী একাত্তরে প্রথম যুদ্ধে নেমেছিলো, সেই বাহিনীর নাম মুছে ফেলা হচ্ছে।" "বিডিআর নামটির সঙ্গে আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ জড়িয়ে রয়েছে। আজ ওই নামটি মুছে ফেলে বর্ডার গার্ড নাম করা হচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে ষড়যন্ত্রমূলক", বলেন তিনি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আইনউদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির সংসদ সদস্য নীলুফার ইয়াসমীন মনি, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬২৬ ঘ.