ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় রাজধানীর লালবাগে বৃহস্পতিবার রাতে সুমনা (২১) নামে এক গৃহবধুর শরীর গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সুমনার অভিযোগ স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামীর বড় ভাই, বড় ভাইয়ের স্ত্রী, ননদ এবং দেবর মিলে তার শরীরে গরম পানি ঢেলে দেয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমনা বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, ১৭ পোস্তা শাহী মসজিদের গলির বাসায় বৃহস্পতিবার বিকালে তার স্বামী জাভেদের সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে জাভেদ তাকে মারধর করে বাসা থেকে বের হয়ে যায়।
স্বামী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেম করছেন অভিযোগ করে সুমনা জানান, এ নিয়ে স্বামী ও পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ চলছিল। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার স্বামী তাকে মারধর করে বের হয়ে যাওয়ার পর রাতে বাসায় একা পেয়ে বাড়ির অন্যরা মারধর করে। পরে গরম পানি এনে শরীরে ঢেলে দেয়।"
এতে তার পেট ও পা ঝলসে যায়। এছাড়া মারধরের কারণে তার মাথায় জখম হয়।
এ ব্যাপারে লালবাগ থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই সুমনার ননদ, দেবরসহ বেশ কয়েকজন থানায় এসেছিলেন। তারা বলছেন সুমনা ঘটনাটি নিজে সাজিয়ে তাদের ফাঁসানোর চেষ্টা করছে।
কিন্তু ঘটনাস্থল লালবাগ থানার আওতাধীন না হওয়ায় তাদের চকবাজার থানায় পাঠিয়ে দেওয়া হয়।
চকবাজার থানার ওসি মো. আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার কাছে কেউ অসেনি। তবে ঘটনা শুনে তার থানার সংশিষ্ট এক পুলিশ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/পিডি/০০৪৮ ঘ.
bdnews24