ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রাজধানীর প্রতিটি থানায় নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী।
রোববার জাতীয় প্রেসক্লাবে 'ডব্লিউ এইট' উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিশ্বের আটটি দেশের আটজন নারী এই 'ডব্লিউ এইট' প্ল্যাটফর্মের উদ্যোক্তা। তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, উপবৃত্তি দেওয়ার মাধ্যমে এখন শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে। তিনি মেয়ে শিশুদের ঝরে পড়ার হার রোধে অভিভাবকদের সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
ডব্লিউ এইট-এর বাংলাদেশ প্রতিনিধি রোকেয়া কবির মৌলিক অধিকার হিসেবে প্রাথমিক শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি দিতে সরকারের প্রতি দাবি জানান।
তিনি বলেন, সব শিশুর জন্য মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিতে প্রতিটি গ্রামে অন্তত একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
'ডব্লিউ এইট' প্ল্যাটফর্মের বাংলাদেশ কার্যক্রম সমন্বয় করছে 'আমার অধিকার ক্যাম্পেইন'
নামের একটি সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে এ সংগঠনের পক্ষ থেকে 'সব শিশুর জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ' শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
এ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষাকে মানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন সুপারিশ করা হয়। এগুলো হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দাতা নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধি, প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা ক্যাডার সার্ভিস গঠন, প্রতি স্কুলে ত্রিশ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক, সরকারি মনিটরিং, পরিচালনা পর্ষদে শিক্ষিত ও দক্ষ ব্যক্তিদের উপস্থিতি, প্রস্তাবিত শিক্ষানীতি বাস্তবায়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, শিক্ষক প্রশিক্ষণ, প্রয়োজনীয় ক্লাসরুম সুবিধা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান। তিনি প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে তৃণমূল পর্যায় থেকে পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত করার আহ্বান জানান।
১৯৭০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে উন্নত দেশগুলো তাদের জাতীয় আয়ের ০.৭ শতাংশ আর্থিক উন্নয়ন সহায়তা উন্নয়নশীল দেশগুলোকে দেওয়ার অঙ্গীকার করে। ২০০৭ সাল পর্যন্ত মাত্র পাঁচটি দেশ এ সহায়তা দিয়েছে। এ সহায়তার মাত্র এক-চতুর্থাংশ প্রকৃত দরিদ্র দেশগুলো পেয়েছে। এ প্লাটফর্ম উন্নত দেশগুলো থেকে এই আর্থিক সহায়তা আদায়ের লক্ষ্যে কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24