২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের যোগাযোগমন্ত্রীর হুমকি

সংবর্ধনার আড়ম্বরের খবর প্রকাশে ক্ষুব্ধ হয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, এ ধরনের সংবাদ আর যেন না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 04:23 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

মাদারীপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংবর্ধনার আড়ম্বরের খবর প্রকাশে ক্ষুব্ধ হয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন, এ ধরনের সংবাদ আর যেন না হয়। বহুল আলোচিত এই সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "সংবর্ধনা নিয়ে গত দুদিনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় যে লেখালেখি হয়েছে তাতে পরবর্তীতে আরও ২০টি ইউনিয়নে এমন 'সমাবেশ' আয়োজন করা হবে।" রোববার বিকালে নিজের নির্বাচনী এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, "অসত্য সংবাদ প্রকাশ করে কেউ পার পাবে না।" অবশ্য মন্ত্রী এও বলেন, "এলাকার জনগণ যে সংবর্ধনা দিয়েছে তা এতো ব্যয়বহুল না করে একটু সাদামাটা করলে ভাল হতো।" সংবর্ধনা অনুষ্ঠানের অধিকাংশ বক্তাই সাংবাদিকদের প্রতি বিষোদগার করে বক্তব্য রাখেন। যোগাযোগমন্ত্রী আরো বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২/১ মাসের মধ্যে পদ্মাসেতুর দরপত্র আহ্বান করা হবে। এরই মধ্যে দাতা গোষ্ঠীর কাছ থেকে ১৪ হাজার কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে। তিনি বলেন, মাদারীপুরের সমিতিহাট-খাসেরহাট এলাকায় আড়িয়াল খাঁ নদের উপর বাংলাদেশ-চীন সপ্তম মৈত্রীসেতু নির্মাণ করা হবে। আগামী এক মাসের মধ্যে বিষয়টি একনেকে অনুমোদন পেলে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। কালকিনি সদরের সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ, পৌরসভার সাবেক মেয়র তৌফিকুজ্জামান শাহীন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন থেকে প্রায় লাখো মানুষের সমাবেশ ঘটানো হয়। এর আগে সকালে মন্ত্রী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের এ বি সি কে কলেজ পরিদর্শন করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ১৩ মাস পর তিনি তার নির্বাচনী এলাকায় যাওয়া উপলক্ষে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলির খবরে বলা হয়, প্রায় কোটি টাকা ব্যয় করে মন্ত্রীর ইচ্ছায় এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা উপলক্ষে গত কয়েকদিন ধরে কালকিনি উপজেলা সদর অসংখ্য রঙিন পোস্টারে ছেয়ে ফেলা হয়। সদর এলাকার বিভিন্ন স্থানে আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে পল্লী বিদ্যুৎ সমিতি তিনদিনের জন্য তিনটি ট্রান্সফরমার স্থাপন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/জিএনএ/২২০৫ ঘ.