ভোলা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় ভোলার ২৫ জেলে আহত হয়েছেন। দস্যুরা তিনটি মাছ ধরার ট্রলারও নিয়ে গেছে।
গত শুক্রবার ও রোববার ভোররাতে হাতিয়ার জাহাজামারা ঘাটের কাছে এ ঘটনা ঘটে।
ট্রলার ফেরতের জন্য জলদস্যুরা পাঁচ লাখ টাকা দাবি করেছে বলে জানিয়েছেন জেলেরা।
আহতদের মধ্যে ১১ জনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কাসেম মাঝি সাংবাদিকদের জানান, রোববার ভোররাতে ভোলার জেলেরা জাল ফেলতে ফেলতে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা নামক স্থানে যায়। এ সময় ৪০/৫০ জন জলদস্যু একটি ট্রলার নিয়ে জেলেদের ৪-৫টি ট্রলারে হানা দেয়। তারা রাম দা, লম্বা দা, চাপাতি, কিরিচ, লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মোতালেব ও তার ট্রলারে হামলা চালায়।
পরে জেলেদের নদীতে ফেলে দিয়ে ট্রলার দুটি নিয়ে যায়। হামলায় ১৭ জেলে আহত হয়েছেন।
এর আগে শুক্রবার ভোররাতে একই স্থানে জলদস্যুদের হামলায় আহত হন আটজন। দস্যুরা ওই দিন একটি ট্রলার নিয়ে গেছে।
আহতদের মধ্যে আছেন- মিজান (২৫), দুলাল (৩৫), কাসেম মাঝি (৪০), ফারুক (৩৭), মোসলেহউদ্দিন (১৬), নাগর (৩৫), জয়নাল (৩০), নিরব (১৮) মো. জাহাঙ্গীর (৩২), আব্দুল গফুর (২২), লোকমান (২৫), হালিম মাঝি (৩২), কাজল (২৭), মনির (২৮), মাকসুদ মাঝি (৪০), আব্দুর রহিম (১৬), ইলিয়াছ (২৫), নুরুদ্দিন (১৪), মোতালেব মাঝি (৪৫), মোসলেহউদ্দিন (৩২), মন্তাজ উদ্দিন (৪২) ও মোসলেহউদ্দিন (১৫)।
এদের মধ্যে মিজান, দুলাল, কাসেম, জয়নাল, নিরব, জাহাঙ্গীর, আব্দুল গফুর ও লোকমানকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দস্যুদের হামলা ও ট্রলার ছিনতাইয়ের খবর নিশ্চিত করে মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।
এসআই দাবি করেন, মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাসেম মাঝিকে হামলা ও ট্রলার ছিনতাইয়ের ঘটনায় মামলা করার অনুরোধ জানালেও তিনি রাজি হননি। তাকে কাসেম বলেছেন, মামলা করলে ট্রলার ফেরত দেওয়া হবে না বলে দস্যুরা হুঁশিয়ার করে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24