মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স লুকিয়ে ঢাকা চিড়িয়াখানার জন্য প্রায় পাঁচ কোটি টাকায় কেনা হয়েছিলো পাঁচটি জিরাফ।
সরকারি এক তদন্তে বেরিয়ে এসেছে দুর্নীতির এ চিত্র। গত বছর তিনটি জিরাফ মারা গেলে এ তদন্ত শুরু হয়।
তদন্ত কমিটির প্রধান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শামসুল কিবরিয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিরাফগুলোর বয়স নির্ধারণে ত্র"টি ছিলো।
"প্রাণী পরিদর্শন ও নির্বাচন কমিটির প্রধান জিরাফ আনতে সরকারি অর্থে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করলেও তিনি কোনো প্রতিবেদন জমা দেননি।"
কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রাণীগুলো কেনার ক্ষেত্রে চিড়িয়াখানার বিজ্ঞপ্তি অনুসরণ করা হয়নি। ১৮ থেকে ২৪ মাস বয়সি জিরাফ কেনার কথা থাকলেও কেনা হয় সাড়ে পাঁচ থেকে ছয় বছর বয়সি।
২০০৮ সালের সেপ্টেম্বরে ৪ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকায় ওই পাঁচটি জিরাফ কেনা হয়। কিন্তু ১৪ মাসের মধ্যেই তিনটি মারা গেলে মৃত তিনটি জিরাফের বয়স নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়।
শামসুল কিবরিয়া বলেন, জিরাফগুলো কেনার সময় বয়স সংক্রান্ত দক্ষিণ আফ্রিকার একটি ব্যবসায়ী সমিতির যে সনদ জমা দেওয়া হয়েছিলো মৃত জিরাফগুলো পরীক্ষার পর তার সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রাণী পরিদর্শন ও নির্বাচন, কেনা এবং গ্রহণ সংশ্লিষ্ট কমিটিগুলোর ব্যর্থতার জন্য সরকারকে পাঁচটি জিরাফ কিনে লোকসান দিতে হয়েছে।
জিরাফগুলো কিনতে দক্ষিণ আফ্রিকায় যাওয়া দলটির প্রধান ছিলেন পশুসম্পদ (বর্তমানে প্রাণসম্পদ) অধিদপ্তরের মহাপরিচালক ডা. হাবিবুর রহমান। তবে তিনি কোনো ধরনের অনিয়মে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আমার জড়িত থাকার প্রশ্নই ওঠে না। কারণ তখন আমি কোনো গুরুত্বপূর্ণ পদে ছিলাম না। আমি ছিলাম উপ-পরিচালক।"
হাবিবুর বলেন, "আমাকে বিশেষজ্ঞ হিসেবে জিরাফ পরিদর্শন (প্রি-ইন্সপেকশন) কমিটির প্রধান করে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিলো। আমি প্রাণী চিহ্নিত এবং সংশ্লিষ্টদের দেওয়া কাগজপত্রের ভিত্তিতে আমার মতামত দিয়েছি মাত্র।
তিনি বলেন, অনিয়ম হলে তার দায়িত্ব তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১৩ ঘ.
bdnews24