২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে 'চরমপন্থী' নেতাসহ গ্রেপ্তার ৩

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 11:38 AM

Updated : 24 Aug 2022, 06:30 PM

মেহেরপুর, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুরের গাংনী উপজেলা থেকে রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা 'চরমপন্থী' সংগঠন পূর্ব বাংলা মাওবাদী কংগ্রেস এর সদস্য বলে পুলিশ দাবি করেছে। এই তিনজন হলেন- জামরুল, হালিম ও মহিরুল। এদের মধ্যে জামরুল মাওবাদী কংগ্রেস'র দ্বিতীয় শীর্ষ নেতা। বাকি দুজন তার সহযোগী বলে জানান গাংনী থানার ওসি সগির মিঞা। তিনি সাংবাদিকদের জানান, গত ১৬ জানুয়ারি চাঁদা না দেওয়ায় গভীর রাতে উপজেলার বালিয়াঘাট গ্রামের আদম আলী নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে পূর্ব বাংলা মাওবাদী কংগ্রেস এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মোবাইল ফোনে স্থানীয় সংবাদ মাধ্যম ও পুলিশের কাছে বার্তা পাঠায়। ওই মোবাইল ফোন নম্বরের সূত্র ধরেই রোববার রাতে উপজেলার বামুন্দি পেট্রোল পাম্প এলাকা থেকে প্রথমে জামরুলকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পরে গাংনীর রামনগর এলাকা থেকে তার দুই সহযোগী হালিম ও মহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। ওসি জানান, তারা ইটভাটাগুলোতে চাঁদাবাজি ও বোমা হামলা চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। গাংনী থানায় তাদের নামে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের পাঁচটি মামলাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। তাদের বাড়ি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.