২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পলাতক খুনিদের রেহাই নেই: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরও ধরে এনে শাস্তি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 11:43 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরও ধরে এনে শাস্তি দেওয়া হবে। শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের সক্রিয় হওয়ার আহ্বানও জানিয়েছেন; পরামর্শ দিয়েছেন সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে। বিরোধী দলের 'অপপ্রচার'র বিষয়ে জনগণকে সচেতন করে তুলতেও দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান হাসিনা। তিনি বলেছেন, জাতীয় চার নেতা হত্যা এবং যুদ্ধাপরাধের বিচারও করা হবে। আওয়ামী লীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের পর শনিবার দলের প্রথম বর্ধিত সভা হয়। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকরের পর শনিবারই প্রথম উন্মুক্ত কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বঙ্গবন্ধুকন্যা হাসিনা। গণভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগের সারাদেশের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। এছাড়াও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী মিলিয়ে প্রায় ১০ হাজার ব্যক্তি সমবেত হন গণভবন আঙিনায়। সভার প্রথম অধিবেশনে দলের সদস্য ফরম পূরণ করে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান উদ্বোধন করেন হাসিনা। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকরে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, "বাকি খুনিরা যেখানেই থাকুক, তাদের এনে রায় কার্যকর করা হবে। পৃথিবীটা ছোট, পালিয়ে থাকবে কোথায়?" বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার কারাবন্দি পাঁচ খুনির দণ্ডাদেশ কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের দেশে আনতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে বেশ কয়েকজন মন্ত্রী জানিয়েছেন। হাসিনা বলেন, "ইতিহাস কখনো অপরাধীদের ক্ষমা করে না। ৩৪ বছর ধরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বাংলাদেশের সাধারণ মানুষ যে আফসোস বয়ে বেড়িয়েছে, রায় কার্যকরের মধ্য দিয়ে মানুষের আশা পূরণ হয়েছে।" "আমি বেঁচে থাকলে একে একে জাতীয় চার নেতা হত্যা, গ্রেনেড হামলা, যুদ্ধাপরাধ, বিডিআর হত্যা- প্রত্যেকটির বিচার করে যাবো। এ মাটিতে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবো না", বলেন হাসিনা। দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "সংগঠন শক্তিশালী না হলে সরকার সফল হয় না। তাই সংগঠনকে শক্তিশালী করতে হবে। তবে সুবিধাবাদীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। "কিছু কিছু লোক আছে যারা পার্মানেন্ট গভর্নমেন্ট পার্টি হয়। সরকার বদলালে ব্যানার বদলায়। সব সময় তারা গভর্নমেন্ট পার্র্টিতে থাকতে চায়। আওয়ামী লীগে এসব লোকের দরকার নেই।" বিরোধী দলের 'অপপ্রচারের' জবাব দিতে তৈরি থাকার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, "মুক্তিযুদ্ধের চেতনাই যারা বিশ্বাস করে না; যাদের জন্ম হত্যা, ক্যু আর ষড়যন্ত্রের মাধ্যমে, যারা দুর্নীতি করে অগাধ অর্থ জমিয়েছে; তাদের কাজ তো অপপ্রচার করা। দেশবাসী যাতে বিভ্রান্ত না হয়, সে জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।" পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ধরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ প্রধান বলেন, "সকাল বেলা এ ঘটনা ঘটতো, কে জানতো? সেদিন খুব সকালে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে (নাম বলতে চাই না) ফোন করে তাকে বলে- ক্যান্টনমেন্টের বাসায় থেকো না, বাসা থেকে চলে যাও। সবাই জানে- যিনি ১২টা/১টার আগে ঘুম থেকে উঠেন না, তিনি সকালে উঠে তিনদিন আর বাসায় ফিরে আসেননি। কী আকাক্সক্ষা নিয়ে তিনি বসেছিলেন। এ রহস্য উৎঘাটন করা দরকার।" আওয়ামী লীগের এর আগের বর্ধিত সভাটি হয় ২০০৮ সালের মে মাসে। তত্ত্বাবধায়ক সরকার আমলে ওই সভা অনুষ্ঠানের সময় শেখ হাসিনা কারাগারে ছিলেন। মুক্ত হাসিনাকে ছাড়া কোনো ধরনের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত হয় ওই সভায়। হাসিনা বলেন, "২০০৮ সালের বর্ধিত সভাই ছিলো 'টার্নিং পয়েন্ট'। আওয়ামী লীগ নেতা-কর্মীরা দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হননি। দলের সঙ্কটে তৃণমূল সংগঠিত থেকে দলকে এগিয়ে নিয়ে গেছে। "বন্দি অবস্থায় অভিযান চালিয়ে আমার রাজনীতি অবসানের চেষ্টা করা হয়েছিলো। বাইরে থাকার সময় আমাকে দুনিয়া থেকেও সরিয়ে দেওয়ার অনেক চেষ্টা হয়েছিলো। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। বোধ হয়, আমার হাত দিয়ে কিছু কাজ করাবেন, ততদিন তিনি বাঁচিয়ে রাখবেন আমাকে।" গণভবন প্রাঙ্গণে সকাল ১১টায় হাসিনা বর্ধিত সভা উদ্বোধন করেন। ওই সময় জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় পতাকা ওড়ান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আশরাফ বলেন, এবার সদস্য সংগ্রহে বিশেষ মনোযোগ দিতে হবে নারী সদস্যদের প্রতি। প্রতিটি কমিটিতে যেন ৩৩ শতাংশ নারী থাকে- সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। তরুণ সদস্য বাড়াতে হবে। "নবীন-প্রবীণের সমন্বয় করে বাংলাদেশ বদলে দিতে চাই আমরা। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো", বলেন তিনি। প্রথম অধিবেশনের পর দ্বিতীয় অধিবেশনে প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭৪০ ঘ.