ময়মনসিংহ, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১১ সালের মধ্যে দেশের সকল শিশুকে স্কুলে নেওয়ার জন্য নতুন দেড় হাজার স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "আমরা ২০১১ সালের মধ্যে দেশের সব শিশুকে স্কুলে নেওয়ার উদ্যোগ নিয়েছি।"
শুক্রবার ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজের শতবর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান উদ্বোধনের সময় তিনি একথা জানান।
তিনি বলেন, আনন্দমোহন কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় করতে সময় লাগবে। এজন্য সরকারের সিদ্ধান্ত লাগবে। পার্লামেন্টের অনুমোদনও প্রয়োজন রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, "ভিশন- ২০২১ বাস্তবায়নে এবং সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।"
স্বাধীনতার ৩৮ বছরেও কোনো শিক্ষানীতি বাস্তবায়ন না হওয়া এবং এ বিষয়ে বর্তমান সরকারের উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, "আমরা সমাজের সকল পর্যায়ের মতামত নিয়ে একটি শিক্ষানীতি করছি যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে। এটি কোনো দলের শিক্ষানীতি হবে না। এটি হবে জাতীয় শিক্ষানীতি।"
ময়মনসিংহের অন্যতম বিদ্যাপিঠ সরকারি আনন্দমোহন কলেজের দু'দিনব্যাপী শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য কে এ খালিদ বাবু, মোস্তাক আহমেদ রুহী, জেলা প্রশাসক এ এন সামসুদ্দিন আজাদ চৌধুরী, পুলশ সুপারিনটেনডেন্ট খন্দকার গোলাম ফারুক প্রমুখ।
দেশের বিভিন্ন এলাকা থেকে কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। তাদের পদচারণায় মুখর ক্যাম্পাস পরিণত হয় মিলনমেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮৪৯ ঘ.
bdnews24