২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে বস্তিতে আগুন, মা ও শিশুকন্যার মৃত্যু

রাজধানীর শ্যামপুরের একটি বস্তিতে বুধবার রাতে অগ্নিকাণ্ডে মা ও তার দু' মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:10 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরের একটি বস্তিতে বুধবার রাতে অগ্নিকাণ্ডে মা ও তার দু' মাস বয়সী শিশুকন্যার মৃত্যু হয়েছে। নিহত মায়ের নাম কমলা (২২)। তিনি দিনমজুর শফিকের স্ত্রী। ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক দিলীপ কুমার ঘোষ জানান, শ্যামপুরের ওয়াসা রোডে বাজারপুল এলাকায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বস্তির একটি ঝুপড়ি ঘরে বুধবার রাত ১১টার দিকে আগুন লাগে। দিনমজুর শফিকের ঘরে জ্বালানো কুপি থেকে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সারা ঘরে। সেখান থেকে খুব দ্রুত পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই প্রায় অর্ধশত ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর পর ধ্বংসস্তুপের নীচ থেকে শফিকের স্ত্রী কমলা (২২) ও তার দুই মাসের শিশুর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। তিনি জানান, আগুন থেকে বাঁচতে তাড়াহুড়ো করে ছুটতে গিয়ে আরও ১০ জন আহত হয়। বস্তির ঘরগুলোয় বৈদ্যুতিক আলোর ব্যবস্থা থাকলেও শফিকের ঘরের বৈদ্যুতিক বাতি নষ্ট হয়ে যাওয়ায় কেরোসিনের কুপি জ্বালানো হয়। এসময় কমলা ছিলেন ঘরের বাইরে। আর শিশুটি ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে কমলা দৌড়ে ঘরে ঢুকে কন্যাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে আগুন ততক্ষণে ভয়াবহ আকার ধারণ করায় তার পক্ষে আর বেরিয়ে আসা সম্ভব হয়নি। কদমতলী থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে দু'জনের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১০৫ ঘ.