ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির আদেশ কার্যকর হওয়ার পর যার যার গ্রামের বাড়িতে বৃহস্পতিবার তাদের দাফন করা হয়েছে।
দিনের প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় তাদের গ্রামে।
সৈয়দ ফারুক রহমানকে নওগাঁয়, সুলতান শাহরিয়ার রশিদকে ব্রাহ্মণবাড়িয়ায়, বজলুল হুদাকে চুয়াডাঙ্গায় এবং এ কেএম মহিউদ্দিন ও মহিউদ্দিন আহমেদকে পটুয়াখালীতে দাফন করা হয়। লাশ পৌঁছানো ও দাফনের সময় এলাকাগুলোতে ছিলো কঠোর নিরাপত্তা।
রায় পর্যালোচনায় পাঁচ খনির করা আবেদন বুধবার খারিজ করে সর্বোচ্চ আদালত। শাহরিয়ার ছাড়া অপর চারজন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন; তবে তা নাকচ হয়।
ফাঁসির আগে বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের সঙ্গে শেষ দেখা করেন আত্মীয়-স্বজনরা।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
১৯৭৫ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দায়ে সাবেক এ পাঁচ সেনা কর্মকর্তাকে ফাঁসি দেওয়া হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর
bdnews24