২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, রাবিতে সাংবাদিক আটক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পড়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও গালাগাল করায় বৃহস্পতিবার রাজশাহীতে এক সাংবাদিককে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 11:32 AM

Updated : 24 Aug 2022, 06:26 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পড়ে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি ও গালাগাল করায় বৃহস্পতিবার রাজশাহীতে এক সাংবাদিককে আটক করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে দৈনিক খবরপত্র পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান হুমায়ূনকে কবীরকে আটক করে পুলিশে দেওয়া হয়। জনসংযোগ দপ্তরের উচ্চমান সহকারী শফিকুল ইসলাম শাহাজাদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জনসংযোগ দপ্তরে বিজ্ঞাপন সংক্রান্ত কাজে আসেন হুমায়ূন। সেখানে স্থানীয় একটি পত্রিকা হাতে নিয়ে বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকরের সংবাদ পড়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে কটুক্তি এবং অকথ্য ভাষায় গালাগাল করেন তিনি। এ সময় শফিকুল ইসলাম এবং অফিস পরিচালক খন্দকার হাবিবুর রহমান মুকুল প্রতিবাদ জানালে তাদের সঙ্গেও অশালীন আচরণ করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হুমায়ূন। এমনকি তিনি পাঁচ মিনিটের মধ্যে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়ে বিভিন্নজনকে মোবাইল ফোন থেকে ফোন করেন। পরে উপস্থিত কর্মকর্তারা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করে প্রশাসন ভবনের গেটে তাকে আটক করেন। এ সময় উপ-উপাচার্য মুহম্মদ নুরুল্লাহ্ সেখানে উপস্থিত হন এবং বিষয়টি শুনে হুমায়ূনকে আটকের নির্দেশ দেন। পরে প্রক্টরের মাধ্যমে হুমায়ূনকে মতিহার থানায় পাঠানো হয়। প্রক্টর চৌধুরী মো. জাকারিয়া বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে হুমায়ুনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মতিহার থানা ওসি তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করার অভিযোগে হুমায়ুনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তাদের লিখিত বক্তব্য জানালে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২৮ ঘ.