ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত মাস পর দেশে ফিরে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন তানজিম আহমেদ (সোহেল তাজ)।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম বুধবারই দেশে ফেরেন। তিনি গাজীপুর-৪ আসনের সাংসদ।
বেলা সাড়ে ৩টার দিকে সংসদ অধিবেশন শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন স্পিকার আবদুল হামিদ। অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন।
তানজিমের পদত্যাগ নিয়ে গত বছরের মাঝামাঝি সময়ে গুঞ্জনধর্মী খবর প্রকাশ করে দেশের প্রায় সবগুলো গণমাধ্যম।
এ বিষয়ে সরকার ও তানজিমের সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকায় কয়েকদিন ধরে দেশজুড়ে গল্পের ডালপালা ছড়ায়। ঠিক কোনদিন তিনি পদত্যাগ দেন তাও আনুষ্ঠানিকভাবে জানায়নি সরকার।
দেশে ফেরার পর বিমানবন্দরে তানজিমকে সরকারি প্রটোকল দেওয়া হলেও সরকারি গাড়ি ব্যবহার না করে বোনের গাড়িতেই বাড়ি ফেরেন তিনি।
দেশে ফিরে এখন পর্যন্ত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তানজিম।
গত বছরের ৯ জুন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তানজিমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা নিউজ ওয়ার্ল্ড জানায়, যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই তিনি দেশে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন।
কেন পদত্যাগ করেছেন জানতে চাইলে তানজিম আহমেদ বলেন, "যে কোনও মানুষের কাছে নীতি, আদর্শ ও আত্মসম্মানবোধই বড়।"
এদিকে তানজিম বিদেশ যাওয়ার পর মন্ত্রিসভার রদবদলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শামসুল হক টুকু। পরে সেপ্টেম্বরে তানজিমকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য করা হয়।
তানজিম দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে। তার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০০ ঘ.
bdnews24