পটুয়াখালী, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনি এ কে এম মহিউদ্দিনকে (ল্যান্সার) বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীতে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। একই জেলায় অপর খুনি মহিউদ্দিন আহমেদের (আর্টিলারি) দাফনের প্রস্তুতি চলছে।
সাবেক সেনা কর্মকর্তা একেএম মহিউদ্দিনের লাশ পৌঁছায় দুপুর আড়াইটায় গলাচিপা উপজেলার রাঙাবালী ইউনিয়নের নেতা গ্রামে পৌঁছায়। লাশ গ্রহণ করেন তার চাচাতো ভাই শহিদুল ইসলাম তালুকদার।
ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে বেলা ৩টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে এ কে এম মহিউদ্দিনকে দাফন করা হয়। দাফনের আগে তার জানাজায় অংশ নেয় গ্রামবাসী।
অপর মহিউদ্দিনের লাশ তার বাড়ি গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের মৌডুবী গ্রামে পৌঁছায় দুপুর ৩টায়। লাশ গ্রহণ করেন তার চাচা আবুল হোসেন।
মৌডুবী গ্রামে মহিউদ্দিন আহমেদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই দুই জনসহ পাঁচ খুনির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হয়। এরপর লাশগুলো অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে।
রায় পর্যালোচনায় পাঁচজনেরই আবেদন বুধবার সকালে খারিজ হয়। দুই মহিউদ্দিনই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন; তবে তা-ও নাকচ হয়।
মহিউদ্দিন আহমেদ এবং একেএম মহিউদ্দিনের স্বজনরা বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের সঙ্গে শেষ দেখা করেন।
গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় হুদাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৬ ঘ.
bdnews24