ঝিনাইদহ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বুধবার এক মা তার দুই শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতরা হচ্ছে- সাতগাছী গ্রামের শাহানাজ খাতুন (৩২) এবং তার মেয়ে শাপলা খাতুন (৭) ও মুসলিমা খাতুন (৫)।
শাহানাজের মা সালেহা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালীগঞ্জ উপজেলার সাতগাছী গ্রামের আব্দুল হান্নানের সঙ্গে শাহানাজের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে শান্তি ছিল না। মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রী ঝগড়া হয়। শাহানাজ বুধবার স্বামীর বাড়ি থেকে দুই মেয়েকে নিয়ে বাবার বাড়ি বকেরগাছী আসছিলো।
রেলওয়ের পশ্চিম জোনের পাকশী বিভাগীয় ম্যানেজার একেএম মাহবুবুল আলম জানান, খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন বরেন্দ্র এক্সপ্রেস আসছিলো। দুপুর ২টার দিকে কালীগঞ্জ উপজেলার খোশালপুরে ট্রেনটির নিচে ঝাঁপ দিয়ে এক মা তার দুই মেয়েকে নিয়ে আত্মহত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৯৩৬ ঘ.
bdnews24