সাভার, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে বুধবার ট্রাকচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই রিকশাচালক ও পাঁচ পথচারী। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাত হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সকাল ৯টার দিকে একটি ট্রাক ট্রাক (ঢাকা-ট-৩৩৬৪) ঢাকা যাচ্ছিল। চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে এসে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি রিকশার উপর উঠিয়ে দেয়।
"এতে ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের মৃত্যু হয়। আহত হয় আরো সাতজন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।"
এসআই রিফাত জানান, ট্রাকটির চাপায় তিনটি রিকশা দুমড়ে মুচড়ে যায়। ওই ট্রাক ও রিকশাগুলো থানায় আন হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭৪০ ঘ.
bdnews24