২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ থামাতে গিয়ে বোমায় পুলিশ আহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সংঘর্ষ থামাতে গিয়ে সংঘর্ষকারীদের বোমার আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 02:20 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সংঘর্ষ থামাতে গিয়ে সংঘর্ষকারীদের বোমার আঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আলদী বাজারে এই ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। বোমার আঘাতে পুলিশ কনস্টেবল আব্দুল আলিমের (২৫) বুকসহ শরীরের ডান পাশ ঝলসে গেছে। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নাহিদা সুলতানা। ঘটনাস্থল থেকে তিনি জানান, এক তরুণীকে উত্যক্ত করার জের ধরে সন্ধ্যা ৬টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পাশের ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। দুপক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে একটি বোমা বিস্ফোরিত হয়। এতে আহত হন আলিম। প্রত্যক্ষদর্শী সোহেল মিয়া জানান, বিকট শব্দে বোমা বিস্ফোরণে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ দোকান-পাট বন্ধ হয়ে যায়। গোটা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। রাত ৭টায় টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ জানান, ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৬ ঘ.