ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর জাহাজ ভাঙা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনার পর কতগুলো জাহাজ পরিবেশ ছাড়পত্র ছাড়া এবং বর্জ্য পরিস্কার না করে দেশে আনা হয়েছে আগামী তিন সপ্তাহের মধ্যে তার প্রতিবেদন দিতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) একটি আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি ইমান আলী ও বিচারপতি মো. আবু তারিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেয়।
গত বছরের ১৭ মার্চ একই সংগঠনের একটি রিটের পরিপ্রেক্ষিতে ছাড়পত্রহীন শিপ ব্রেকিং ইয়ার্ডগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
এছাড়া বাধ্যতামূলক পরিবেশ ছাড়পত্র ছাড়া জাহাজ ভাঙার কাজ না করা এবং দেশের বাইরেই ক্ষতিকর বর্জ্য পরিস্কার না করে কোনো জাহাজের প্রবেশ ঠেকানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছিল।
বিশ্বের অনেক দেশই বিপজ্জনক বলে ফিরিয়ে দিলেও বাংলাদেশের ব্যবসায়ীরা নির্বিচারে দূষণের ঝুঁকি থাকা অনেক পুরনো জাহাজ আমদানি করেন বলে অভিযোগ আছে। জাহাজ ভেঙে পাওয়া লোহা দেশের রড শিল্পের কাঁচামালের সবচেয়ে বড় উৎস।
পরিবেশ দূষণের ঝুঁকি ছাড়াও এ শিল্পের কাজের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। যথাযথ আধুনিক যন্ত্রপাতি ও সুরক্ষামূলক সরঞ্জাম ছাড়া কাজ করতে গিয়ে প্রায়ই শ্রমিকরা দুর্ঘটনার শিকার হন। গত ২০ বছরে এ শিল্পে কাজ করার সময় প্রায় ৫০০ লোকের প্রাণহানি ঘটে। আহত হয়েছে আরো ছয় হাজার।
স
bdnews24