রাজশাহী, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল থেকে হাফিজুর রহমান দুলাল (৩৭) নামে এই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি বাঘা উপজেলার শাহাপুর গ্রামে।
মঙ্গলবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি জসিম উদ্দিন।
ওসি জানান, শিরোইল বাস টার্মিনাল এলাকায় চারজনের চলাফেরায় সন্দেহ হলে পুলিশ ঢাকাগামী একটি বাস থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে দুলালের ব্যাগ থেকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে লেখা একটি চিঠি ও খাম পাওয়া যায়।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে দুলাল ঢাকার মিরপুরের একটি হ্যারিকেন কারখানায় কাজ করেন বলে দাবি করেছেন।
তবে চিঠিতে কী লেখা আছে এবং দুলাল কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ওসি তা জানাননি।
দুলালের ছোট ভাই মাহাতাব উদ্দিন (৩৫), ভাইপো রিপন (২২) ও স্ত্রী রুনাকে (২১) আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24