২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুফতি হান্নানকে দিয়ে ডকুমেন্টারি করা হচ্ছে'

দেশ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 06:23 PM

দিনাজপুর, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশ ও জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, "ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার চুক্তির পর এখন বিএনপি'র অগ্রযাত্রা প্রতিরোধে মুফতি হান্নানকে (হরকাতুল জিহাদ নেতা) দিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করা হচ্ছে।" মঙ্গলবার দুপুরে দিনাজপুরের শহরের লোকভবনে জেলা বিএনপি'র কাউন্সিল অধিবেশনে মীর্জা ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, "আমরা ভারতবিরোধী নয়, বন্ধু হিসেবে ভারতের পাশে থাকতে চাই। তাই বলে কাউকে দাসখত দিতে পারি না।" ভারতের সঙ্গে সমুদ্রবন্দর ব্যবহারের চুক্তিসহ অন্যান্য চুক্তির সমালোচনা করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপি নেতা বলেন, "এসব চুক্তির আগে পানি ও সীমান্ত সমস্যাসহ অন্যান্য সমস্যাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যেত।" সকল ভেদাভেদ ভুলে দলের ঐক্য আরো মজবুত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জেলা বিএনপি'র আহ্বায়ক এ জেড এম রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হারুন-উর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাংসদ আব্দুল মতিন তালুকদার প্রমুখ। দুপুর আড়াইটায় কাউন্সিল অধিবেশন শেষে শুরু হয় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন। জেলা বিএনপি'র ৪০টি পদে ৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার আটটি পৌরসভা ও ১৩টি উপজেলা নিয়ে গঠিত জেলা বিএনপি'র কাউন্সিলর ১৪২০ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৫৩ ঘ.