কোনো স্ত্রীই নয়, চন্দনের লাশ পেলো ঢামেক
দুই স্ত্রীর কাউকে না দিয়ে কলেজ শিক্ষক চন্দন কুমার চক্রবর্তীর লাশ গবেষণার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে ব্যবহারের আদেশ দিয়েছে আদালত।
ঢাকার এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেন মঙ্গলবার এ আদেশ দেন।
আদালত আদেশে বলেছে, উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করেও চন্দনের ধর্ম নির্ণয় করা দুরূহ। তাই লাশটি জনকল্যাণে ব্যবহার হওয়াই সমীচীন।
গত ২৫ ডিসেম্বর রাতে চন্দন খুন হওয়ার পর তার দুই ধর্মের দুই স্ত্রী লাশ দাবি করলে বিষয়টি আদালতে গড়ায়। লাশটি এখন পর্যস্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
আদালতের আদেশে এক স্ত্রীর আইনজীবী অসন্তোষ প্রকাশ করলেও স্ত্রীর দাবিদার অপরজন অনাপত্তির কথা জানান।
চন্দনের প্রথম স্ত্রী তিথী চক্রবর্তীর আইনজীবী মো. সুলতান উদ্দিন জানান, তারা এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন।
চন্দনের দ্বিতীয় স্ত্রীর দাবিদার আকলিমা আক্তার পলির আইনজীবী আবু আবদুল্লাহ ভুইয়া সাংবাদিকদের বলেন, তারা এ আদেশে অখুশি নন।
গত ২৫ ডিসেম্বর রাতে খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকার রাস্তায় দুর্বৃত্তদের হাতে নিহত হন চন্দন। খিলগাঁও চৌধুরীপাড়ায় থাকতেন তিনি।
খবর পেয়ে পুলিশের কাছে তার দুই স্ত্রীই লাশ দাবি করেন। এদের একজন হিন্দু ধর্মমতে বিয়ে করা পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত তিথী চক্রবর্তী এবং অন্যজন মুসলিম ধর্মমতে বিয়ে করা আকলিমা আক্তার পলি।
কয়েক দফা শুনানির পর আদেশের জন্যও কয়েকদফা তারিখ ধার্য হয়েছিলো। শুনানিতে চন্দনের মুসলিম ধর্ম গ্রহণ সম্পর্কিত নোটারি পাবলিকের হলফনামা আদালতে দাখিল করা হয়। এছাড়া আদালত চন্দনের হিন্দু ও মুসলিম ধর্মের দুই স্ত্রীর বক্তব্য শোনেন।
