ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নাম পরিবর্তন করে উচ্চ শিক্ষা কমিশন বা ইউনিভার্সিটিজ কমিশন অব বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে সংস্থাটি।
এছাড়া কমিশনকে শক্তিশালী সংস্থা হিসেবে গড়ে তুলতে মঞ্জুরী কমিশন আইনে সংশোধনী আনারও সুপারিশ করা হয়।
ইউজিসি'র ৩৫তম বার্ষিক প্রতিবেদনে সরকারের কাছে এসব প্রস্তাব এসেছে।
সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউজিসি-র বার্ষিক প্রতিবেদন ২০০৮ সংসদে উপস্থাপন করেন।
শিক্ষাঙ্গনে সব দল ও মতের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার তাগিদ দিয়ে কমিশন মত দিয়েছে বুদ্ধিবৃত্তিক চর্চার উন্নয়নে ছাত্র রাজনীতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণে রাজনীতি উৎসাহিত করা যেতে পারে।
এছাড়া চাহিদার পরিপ্রেক্ষিতে কমিশনকে 'অধিকতর অর্থবহ, যুগোপযোগী, কার্যকর ও শক্তিশালী' সংস্থায় পরিণত করা এবং এর ভাবমূর্তি, স্বায়ত্ত্বশাসন, মানমর্যাদা ও ক্ষমতা বাড়ানোর জন্য মঞ্জুরী কমিশন অ্যাক্ট-এর সংশোধন করা জরুরি বলে এতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২৩৩৪ঘ.
bdnews24