ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০০৯ এর ফলাফলের ভিত্তিতে সারাদেশে ৫০ হাজারেরও বেশী শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১৯,৯৯৫ টি ট্যালেন্টপুল ও ৩০,৫৪০ টি সাধারণ বৃত্তি।
সোমবার এ বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়।
গত নভেম্বরের শেষ সপ্তাহে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ১৮,২৩,৪৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৮ লাখ ৩০ হাজার ৮৭৯ জন এবং ছাত্রী ৯ লাখ ৯২ হাজার ৫৮৫ জন। এবছর আলাদাভাবে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয়টি বিভাগে সবচেয়ে বেশী বৃত্তি পেয়েছে ঢাকা বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ট্যালেন্টপুলে ছয় হাজার ১৫৩ জন ও সাধারণ বৃত্তি পায় আট হাজার ৪৬৮ জন।
দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগে ট্যালেন্টপুলে পাঁচ হাজার ১০৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে সাত হাজার ৮০৪ জন শিক্ষার্থী। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগে ট্যালেন্টপুলে চার হাজার ৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ছয় হাজার ১৮৮ জন শিক্ষার্থী।
চতুর্থ অবস্থানে থাকা খুলনা বিভাগে দু' হাজার ২১৫ জন ট্যালেন্টপুলে এবং তিন হাজার ৭০৪ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। পঞ্চম অবস্থানে থাকা সিলেট বিভাগে ১২শ' ৯৮ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ২,০৮৮ জন সাধারণ বৃত্তি পেয়েছে।
বরিশাল বিভাগে এক হাজার ১২৪ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও ২ হাজার ২৮৮ জন পায় সাধারণ বৃত্তি, যা সিলেট বিভাগের চেয়ে বেশী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24