২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

বরগুনা শহরে অভিযান চালিয়ে রোববার রাতে ৩৫ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 11:56 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

বরগুনা, জানুয়ারি ২৫ (বিডিডনউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা শহরে অভিযান চালিয়ে রোববার রাতে ৩৫ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উদ্ধার করা ১০০ টাকার জাল নোটের সবগুলোর নম্বর একই। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বরগুনা সদর থানায় সোপর্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর বরগুনা ক্যাম্পের কর্মকর্তা জাকির হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের আবদুল বারী আজাদ ও বরগুনা সদরের আমতলাপাড়ের মাইনুল ইসলাম। র‌্যাব কর্মকর্তা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট জাকির হোসেন সাংবাদিকদের জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে বরগুনা শহরের ডি কে পি সড়কের বেসরকারি সংগঠন 'জাগো নারী' কার্যালয়ের সামনে থেকে আজাদকে ১০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাত ১০টার দিকে আমতলাপাড়ের জাহান ভিলা থেকে ২৫ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয় মাইনুলকে। এ ব্যাপারে বরগুনা সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা জাকির হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৩ ঘ.