২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুই জেলায় নিহত ৫

নোয়াখালী সদর উপজেলা যাত্রীবাহী দুটি বাসের মুখোমুুখি সংঘর্ষে ছাত্রশিবিরর স্থানীয় সাংগঠনিক থানার সভাপতিসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 04:43 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী সদর উপজেলা যাত্রীবাহী দুটি বাসের মুখোমুুখি সংঘর্ষে ছাত্রশিবিরর স্থানীয় সাংগঠনিক থানার সভাপতিসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। রোববার সকালে উপজেলার সোনাপুর-মাইজদী সড়কের জিরো পয়েন্টে এই দুর্ঘটনার পর শিবির কর্মীরা সড়ক অবরোধ করে ভাংচুর চালায়। এ সময় তারা জেলা ছাত্রলীগের এক নেতাকে মারধর করে। ঠাকুরগাঁও শহরে বিকাল ৫টার দিকে দুটি যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন যাত্রী নিহত হন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত হন উভয় মিনিবাসের অন্তত ৫০ যাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: নোয়াখালী: নিহরা হলেন- ছাত্রশিবির নেতা আবুল কাশেম আনছারী (২২) ও বাবুন পরিবহনের বাসের চালক সুমন (৩০)। আনছারী কেরামতিয়া আলিয়া মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার পুর্ব শুল্লুকিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। শিবির কর্মীদের হামলায় আহত জেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াজেদ ইবনে ইমনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। নোয়াখালী সদর (সুধারাম) থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে উপকূল এক্সপ্রেস নামে একটি বাস সোনাপুর জিরো মোড় অতিক্রমকালে চট্টগ্রাম-সোনাপুর রুটের বাবুন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। সেখানে থাকা তিনটি রিকশা ও একটি মোটরসাইকেলও ওই বাসের ধাক্কায় ধুমড়েমুচড়ে যায়। এ সময় পাশে দাঁড়ানো শিবির নেতা চাপা পড়ে মারা যান। তিনি জানান, শিবির কর্মীরা সড়ক অবরোধ করে ভাংচুর শুরু করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর থানা পুলিশ জানায়, বিসিক শিল্প নগরীর মোড়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জগামী একটি মিনিবাসের সঙ্গে রুহিয়া থেকে ঠাকুরগাঁওয়ে আসা একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বিকট শব্দে একটি বাস পাশের এক ভবনে আচড়ে পড়ে এবং অন্য বাসটির ডানদিকের অংশ উড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনজন। সন্ধ্যা পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান ও পুলিশ সুপারিনটেনডেন্ট বি এম হারুন-অর-রশিদ দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৮ ঘ.