ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়ন ও খাদ্য সুরক্ষায় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইইএও)।
আইইএও'র উপ-মহাপরিচালক এনা মারিয়া সিটো-র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তাদের এ আগ্রহের কথা জানান।
আনা মারিয়া জানান, আইইএও বিভিন্ন প্রকার খাদ্য সংরক্ষণ ও সুরক্ষায় সহায়তা করতে প্রস্তুত। পারমাণবিক পদ্ধতি ব্যবহার করে খাদ্য সংরক্ষণ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দানাদার খাদ্যশস্য ছাড়াও আলু, পিঁয়াজ, টমেটোসহ বিভিন্ন কৃষিপণ্য দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব।
বাংলাদেশের খাদ্য সংরক্ষণে পারমাণবিক প্রযুক্তি প্রয়োগের বিষয়ে এ মন্ত্রণালয় কোনো প্রস্তাব পাঠালে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে মন্ত্রীকে অবহিত করেন তিনি।
খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের খাদ্য নিরাত্তার জন্য প্রতিকূলতা সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন করা প্রয়োজন। এ বিষয়ে পারমানবিক শক্তি কমিশন বাংলাদেশকে সহায়তা দিতে পারে।
খাদ্য গুদামে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের বিষয়ে আগ্রহ প্রকাশ করায় এনা মারিয়াকে ধন্যবাদ জানান মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24