ফেনী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীতে বিদ্রোহের মামলায় ৬২ জওয়ানের মধ্যে ৪০ জন দোষ স্বীকার করেছেন। তারা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
বাকি ২২ জওয়ান নিজেদের নির্দোষ দাবি করেছেন।
জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্করে ১৯ রাইফেলস ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিডিআর'র বিশেষ আদালতে রোববার মামলার অভিযোগ গঠন করা হয়।
বিকালে ১৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক ও আদালতের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল গাজী মো. সালাহউদ্দিন সাংবাদিকদের জানান, সকাল ১০টায় অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এর আগে আদালতে হাজির করা হয় আসামিদের।
বিচার কাজের শুরুতে প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান।
এরপর প্রধান বিচারক প্রত্যেক আসামিকে আলাদা আলাদাভাবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো জানান।
তিনি বলেন, তারা চাইলে দোষ স্বীকারও করতে পারেন, আবার নিজেদের নির্দোষও দাবি করতে পারেন।
এ সময় ৪০ জন সদস্য নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বাকি সদস্যরা নিজেদের নির্দোষ দাবি করেন।
প্রসিকিউটর জানান, দুপুর ২টায় ২০ মিনিটের জন্য আদালত মুলতবী করা হয়।
এরপর মামলার বাদী ও এক নম্বর সাক্ষী সদর কোম্পানি কমান্ডার সুবেদার জালাল আহমেদ সাক্ষ্য দেন। তাকে জেরা করেন নির্দোষ দাবি করা জওয়ানরা।
বিকাল ৫টায় আদালত সোমবার ৯টা পর্যন্ত মুলতবী ঘোষণা করেন বিচারক।
লে. কর্নেল সালাহউদ্দিন জানান, পর্যায়ক্রমে মামলার ৩১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
বিচার কাজ পরিচালনা করেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মো. মইনুল ইসলাম। তাকে সহায়তা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. আখাতারুজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম।
অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. ফরহাদ আহমদ।
গত ২০ ডিসেম্বর অভিযোগ উপস্থাপনের মধ্য দিয়ে ফেনীতে ৬২ বিডিআর সদস্যের বিচার শুরু হয়। পরদিন আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় দিয়ে আদালত মুলতবি করা হয়।
ফেনীতে বিদ্রোহের ঘটনায় অভিযুক্ত আরো দুই জওয়ানের বিচার প্রচলিত আইনে হবে।
আসামিদের সবাই ফেনী কারাগারে রয়েছেন।
গত বছরের ২৫ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন নিহত হন। পরদিন ফেনী ১৯ রাইফেলস ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরের জওয়ানরা বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
ফেনীর বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযোগ, তারা গুলি ছুড়ে, সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
সারাদেশে বিদ্রোহের মামলাগুলো চলছে বিডিআর আদালতে। পিলখানার হত্যা ও লুণ্ঠনের মামলা চলবে প্রচলিত আইনে বিশেষ ট্রাইব্যুনালে।
বিদ্রোহের বিচারে ঢাকায় দুটিসহ কয়েকটি জেলায় ছয়টি বিশেষ আদালত গঠন করা হয়েছে। এতে সাড়ে তিন হাজার জওয়ানের বিচার হচ্ছে। বিদ্রোহের ঘটনায় সারা দেশে অন্তত ৪০টি মামলা হয়েছে।
বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/২২১৪ ঘ.
bdnews24