চট্টগ্রাম, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর পর রোববার সকালে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
এ সময় পুলিশের লাঠি চার্জে ১০ শিক্ষার্থী আহত হয় বলে শিক্ষার্থীদের দাবি।
খুলশী থানার ওসি ইফতেখার হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় সিটি সার্ভিসের একটি বাসের ধাক্কায় পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার টেকনোলজি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আতিকুল ইসলাম পাপ্পু (২২) ও এক পথচারী আবছার মিয়া (২৫) মারা যান।
সতীর্থের মৃত্যুর খবর শুনে সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা বায়েজীদ বোস্তামী সড়ক অবরোধ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কমপক্ষে পাঁচটি গাড়ি ভাংচুর ও একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়।
পরে পুলিশ ও পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী শওকতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের শান্ত করলে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
ওসি জানান, অবরোধের কারণে নগরীর সিডিএ এভিনিউ, মুরাদপুর ও হাটহাজারী সড়ক এবং এর আশেপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
এদিকে, এ ঘটনায় ষোল শহর গেইট এলাকায় পুলিশের লাঠি চার্জে ১০ শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত ছাত্রদের প্রতিনিধি প্রান্ত সরকার।
পুলিশ তাদের চার সতীর্থকে ধরে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
অবশ্য শিক্ষার্থী আটকের সত্যতা স্বীকার করলেও লাঠি চার্জের কথা অস্বীকার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24