বরগুনা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার পাথরঘাটা উপজেলায় রোববার সকালে বাঘের আক্রমণে এক জেলে আহত হয়েছেন।
উপজেলার চরখালী এলাকার শুয়ারগুদি খালে মাছ ধরার সময় আবুল কালাম (৩৫) নামের এই জেলে বাঘের কবলে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
তাকে প্রথমে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। পরে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অপরদিকে সুন্দরবন সংলগ্ন পাথরঘাটা উপজেলার ট্যাংড়া এলাকার হাজীরখাল গ্রামে একটি বাঘের পদচিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
পাথরঘাটার থানা ওসি মো. মাহে আলম সাংবাদিকদের জানান, আবুল কালাম ও খোকন মোল্লা খালে মাছ ধরার সময় হঠাৎ করে একটি বাঘ তাদের আক্রমণ করে। বাঘটি কালাম নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাদের প্রতিরোধে এক পর্যায়ে বাঘটি পালিয়ে যায়।
অপরদিকে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ খান জানান, হাজীরখাল গ্রামের লোকজন বাঘের পায়ের চিহ্ন দেখার বিষয়টি তাদের জানায়। বন বিভাগের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে তিনি ঘটনাস্থলে যান।
বন কর্মকর্তা জানান, সেখানে তারা একটি ছোট খালের দু'পাড়ে রয়েল বেঙ্গল টাইগারের পায়ের চিহ্ন সনাক্ত করেন। বাঘটি যে লাফ দিয়ে ছোট্ট খালটি পার হয়েছে তার আলামতও তারা পেয়েছেন। পায়ের চিহ্ন দেখে তারা ধারণা করছেন বাঘটি মাঝারি আকৃতির।
তবে পায়ের চিহ্ন দেখে অনুসরণ করে তারা প্রায় এক কিলোমিটার হেঁটেও বাঘের দেখা পাননি বন বিভাগের কর্মকর্তারা। পরে মাইকিং করে এলাকার লোকজনকে সতর্ক করা হয়েছে। এতে বেড়িবাঁধে আশ্রয় নেওয়া মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
পাথরঘাটা থানার ওসি জানান, বন বিভাগের কর্মকর্তারাসহ তারা বাঘটি খুঁজে বের করার চেষ্টা করছেন।
শুক্রবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে ঢুকে পড়া একটি বাঘ বন বিভাগ ও প্রশাসন দিনভর চেষ্টা করে আটক করতে না পারায় পিটিয়ে মেরেছে গ্রামবাসী।
গত বছরের জুলাইয়ে সাতক্ষীরা ও বাগেরহাটে লোকালয়ে আসা দুটি বাঘকে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০২ ঘ.
bdnews24