রাঙামাটি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়িদের ওপর বাঙালিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভূমির নিয়ন্ত্রণ নিয়ে পাহাড়ি-বাঙালি মুখোমুখি অবস্থান নেওয়ার মধ্যে রোববার সকালে ওই সংঘাত ঘটে বলে স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন।
পাহাড়িদের ডাকে সকাল থেকে দীঘিনালা-বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক অবরোধ চলছে।
জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সকালের দিকে উত্তেজনা দেখা দিলেও এখন পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।"
বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা অভিযোগ করেন, অবরোধের কারণে বাধা পেয়ে একদল বাঙালি উপজেলা সদরে ফিরে পাহাড়িদের ওপর হামলা চালায়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদর থেকে ৩-৪টি বাস নিয়ে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা খাগড়াছড়ি জেলা শহরে কর্মী সম্মেলনে যাওয়ার সময় নয় মাইল নামক স্থানে অবরোধকারীরা বাধার মুখে পড়ে।
"এরপর তারা উপজেলা সদরে ফিরে বাজারে আসা ও বয়স্কভাতার টাকা নিতে আসা পাহাড়িদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে ১০ জন আহত হন।"
এদের মধ্যে বিজয় চাকমা, সোহেল চাকমা ও দোয়েল চন্দ্র চাকমাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ পার্বত্য এলাকায় থাকা বাঙালি শিক্ষার্থীদের একটি সংগঠন, যারা পার্বত্য শান্তিচুক্তিবিরোধী।
সুদর্শন চাকমা অভিযোগ করেন, "বাঙালিরা বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১২ জন পাহাড়ি শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করে।"
এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ পাল্টা অভিযোগ করেছে, পাহাড়িরাই তাদের ওপর হামলা চালিয়েছে।
সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মীর মো. মহিউদ্দিন (মহিম) এক বিবৃতিতে বলেন, তাদের বাসে পাহাড়িরা অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয়েছে।
সংগঠনটি তাদের নেতা-কর্মীর ওপর হামলার বিচার দাবি করেছে। নইলে আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
বাঘাইহাট বাজার ও গঙ্গারামমুখ এলাকায় 'ভূমি দখল' নিয়ে শনিবার পাহাড়ি-বাঙালিরা মুখোমুখি অবস্থান নেয়।
এরপর বাঘাইছড়ি থেকে বাঙালিদের সরিয়ে নেওয়া, ভূমি সমস্যায় সমাধানসহ কয়েকটি দাবিতে 'সাজেক নারী সমাজ' সকাল-সন্ধ্যা অবরোধ ডাকে। এ কর্মসূচি সফল করতে পাহাড়ি নারী-পুরুষ সবাই রাস্তায় নেমে এসেছে বলে স্থানীয়রা জানায়।
জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, উভয় পক্ষের মধ্যে সমঝোতার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলছে।
পাকিস্তান ও বাংলাদেশ আমলে বিভিন্ন পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের পুনর্বাসন করা হয়, যা নিয়ে পাহাড়িরা আপত্তি জানিয়ে আসছিলো। এক পর্যায়ে শান্তি বাহিনী গড়ে সশস্ত্র সংগ্রামের পথও বেছে নেয় পাহাড়িরা।
সমস্যার সমাধানে বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য শান্তি চুক্তির পর সশস্ত্র পাহাড়িরা অস্ত্র ত্যাগ করে।
চুক্তি স্বাক্ষরকারী জনসংহতি পরিষেদের চেয়ারম্যান ও বিলুপ্ত শান্তি বাহিনীর প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) শনিবার শান্তিচুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে বিরাজমান সব বাধা অপসারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24