২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনে শুনে কোনো অন্যায় করিনি: মইন

বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বলেছেন, তিনি 'জেনে শুনে' কোনো অন্যায় করেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 03:04 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ বলেছেন, তিনি 'জেনে শুনে' কোনো অন্যায় করেননি। শনিবার তেজগাঁও সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর গঠিত পুনর্গঠিত ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের পেছনে সেনাবাহিনী তথা মইন উ আহমেদের একটি জোরালো নেপথ্য ভূমিকা ছিল বলে ব্যাপকভাবে মনে করা হয়। তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেওয়ার কথা মইন নিজেও স্বীকার করেছেন। জেনারেল মইন বর্তমানে অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) আছেন। মইন উ আহমেদ তেজগাঁও সরকারি উচ্চ বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ প্রসঙ্গে অভিমত জানতে চাওয়া হলে বলেন, "আমি জেনে শুনে কোনো অন্যায় করিনি। যে যাই বলে বলুক।" ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিশেষ করে 'বিরাজনীতিকরণের' চেষ্টার অভিযোগ তোলা হয়ে থাকে। ওই সরকারকে সমর্থনকারী সেনাবাহিনীর প্রধান হিসাবে এ অভিযোগের লক্ষ্যবস্তু মইনও। রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর থেকে অনেকটা লোক-চক্ষুর আড়ালে রয়েছেন এই সেনা কর্মকর্তা। নির্বাচনের পর বেশ কিছুদিন সস্ত্রীক বিদেশে কাটান তিনি। এক প্রশ্নের জবাবে মইন জানান বই লিখে, অনুবাদ করে এবং পরিবারের সদস্যদের সঙ্গেই এখন তিনি সময় কাটান। তার বিরুদ্ধে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুরটিসহ কয়েকটি ক্ষতিপূরণ মামলা রয়েছে। চারদলীয় জোট সরকার আমলে বিদ্যুৎ খাতে বিশাল দুর্নীতি হয়েছিল এ মন্তব্য করায় টুকু ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মইনের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১০০ঘ.