ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্বাসন ছাড়া সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি ভবিষ্যতে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বেনজির আহমেদ।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি একথা জানান।
'নারীর ক্ষমতায়ন এবং ভূমি ও আবাসন অধিকার, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-৩ (এমডিজি-৩)' শীর্ষক ওই সেমিনারে দরিদ্র্যের মধ্যে খাস জমি বরাদ্দের সুপারিশ জানানো হলে তার যৌক্তিকতাও স্বীকার করেন সাংসদ বেনজির।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের নারী সমাজের অগ্রদূত হিসেবে কাজ করছেন। দরিদ্রদের মধ্যে খাস জমি বরাদ্দের দাবি অত্যন্ত যৌক্তিক।
"তাই পুনর্বাসন ছাড়া সরকারি জমিতে গড়ে ওঠা বস্তি ভবিষ্যতে উচ্ছেদ করা হবে না। এক্ষেত্রে নারীর অধিকারও যাতে নিশ্চিত হয়, সেজন্য সংসদীয় কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।"
কড়াইল বস্তিসহ রাজধানীর বস্তিবাসীদের অধিকার নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে ভূমিকা রাখারও আশ্বাস দেন ঢাকার ধামরাই আসনের এ সাংসদ।
বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সংগঠন অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ (এডাব) ও তাদের সহযোগী প্রতিষ্ঠান পিডিএপি ওই সেমিনার আয়োজন করে।
সেমিনারে নারীদের ভূমি অধিকার প্রতিষ্ঠা এবং অসহায় বিধবা নারীদের নামে সরকারি খাস জমি বরাদ্দের সুপারিশ করে এজন্য প্রয়োজনে বর্তমান আইন ও নীতিমালা সংশোধনের দাবিও জানানো হয়।
নারীদের মধ্যেও জঙ্গি ও প্রতারক রয়েছে মন্তব্য করে বেনজির বলেন, "সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত নারীদের বের করে আনতে হবে; যাতে তারা এ ধরনের চক্রের সঙ্গে থেকে নির্যাতনের শিকার না হয়।"
এডাব সভাপতি আব্দুল মতিন সেমিনারে সভাপতিত্ব করেন।
এতে হ্যাবিট্যাট ফর দ্য হিউম্যানিটি ইন্টারন্যাশনালের জাতীয় পরিচালক কেলি কোচ, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক শরমিন্দ নীলোর্মি, এডাব পরিচালক আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি লোলিত চাকমা, তৃণমূল পর্যায়ের প্রতিনিধি রাশেদা, হনুফা, শিউলী প্রমুখ বক্তব্য রাখেন।
এডাবের কোষাধ্যক্ষ ও পিডিএপির নির্বাহী পরিচালক কাজী বেবি মূল নিবন্ধ উপস্থাপন করেন।
এতে বলা হয়, বর্তমান আইনে অসহায় বিধবাদের খাস জমি পাওয়ার আবেদন করার ক্ষেত্রে জটিলতা রয়েছে। এতে একজন বিধবা শুধুই তার কর্মক্ষম ছেলে থাকলে আবেদন করতে পারছেন।
"কিন্তু ছেলেসহ একজন বিধবা অসহায় না-ও থাকতে পারেন। এক্ষেত্রে আইন সংশোধন করে ছেলেসহ আবেদনের বিধান বাতিল করা প্রয়োজন। এককভাবে একজন বিধবার আবেদনের সুযোগ দেওয়া উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এজে/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24