আবু নোমান সজীব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
উত্তরাঞ্চল থেকে ফিরে
ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলে বরাদ্দ করা সরকারি শীতবস্ত্র স্বচ্ছলদের ঘরেই যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে শীতার্ত গরিব মানুষরা রয়েছে দুর্ভোগে।
"সবাত শুধু তেলুয়া মাথাতই তেল দেয়, আমরা যে গরিব লোক, এ জন্য নেতারা হামাক দেখবারই পারে না", বলছিলেন লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার আট নম্বর ওয়ার্ডের হাকুয়াতারি গ্রামের মমেনা খাতুন (৫০)।
তিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অপেক্ষার পরও কোনো শীতবস্ত্র না পেয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। গত সপ্তাহে পাটগ্রাম ইউএনও কার্যালয়ের সামনে শীতবস্ত্রের আশায় অপেক্ষা করছিলেন এমন আরও শত শত মানুষ।
প্রতিবছরই শীতকালে উত্তরাঞ্চলে ঠাণ্ডায় মৃত্যুর খবর পাওয়া যায়। হিমালয়ের অপেক্ষাকৃত কাছাকাছি উত্তরবঙ্গে শীতের তীব্রতা থাকে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে বেশি। আর গত বেশ কিছু দিনের টানা কুয়াশা এ অঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে।
উত্তরাঞ্চলের দরিদ্রদের শীতের প্রকোপ থেকে বাঁচাতে প্রতিবছর প্রত্যন্ত গ্রাম এবং ছিটমহলগুলোতে শীতবস্ত্র বিতরণ করে সরকার।
কিন্তু শীতার্তদের অভিযোগ, জন প্রতিনিধিরা শুধু নিজেদের পছন্দের মানুষকে তালিকায় অন্তর্ভুক্ত করছেন।
পাটগ্রাম পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের ধবলসূতি, পোস্টঅফিস পাড়ার আম্বিয়া খাতুন (৬৫) নিজের নগ্ন পা দেখিয়ে বলেন, "জারের দিন পায়েত স্যান্ডেল নাই। কী দুঃখ যায় রে বাবা।"
পাটগ্রাম ইউএনও কার্যালয়ের সামনেই এক বৃদ্ধা কোর্ট-টাই পরিহিত কোনো ব্যক্তির হাতে খাতা-কলম দেখলেই সরকারির্ র্কমকর্তা ভেবে তার কাছে ছুটে গিয়ে বলছিলেন, "দেখোতো বাবা লিস্টে মোক নামডা আছে নাকি?। না থাকলি আমার নামডা তুলি দেওনা।"
শীতবস্ত্রের জন্য আর্তনাদ করতে থাকা এই বৃদ্ধা পৌর এলাকার আট নাম্বার ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগম (৬৫)। তার অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরা বেছে বেছে তাদের সমর্থকদের নামই শুধু তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
তবে পাটগ্রামের পৌর মেয়র শমসের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তালিকা তৈরি করেছেন। এক্ষেত্রে স্বজনপ্রীতির কোনো সুযোগই নাই।"
চারদিকে ভারতীয় ভূমি বেষ্টিত বাংলাদেশের দহগ্রাম-অংঙ্গরপোতা ছিটমহলের বাসিন্দাদের অবস্থা আরও শোচনীয়।
ছিটমহলের থানাপাড়ার মুদি দোকান মালিক মহিবুল ইসলাম জানান, এখন পর্যন্ত সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণের পরিমাণ খুবই কম। উপজেলা প্রশাসন থেকে পাওয়া কয়েকটি কম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কয়েকদিন আগে বিতরণ করেছেন।
এখানেও অবস্থাসম্পন্নদের ঘরেই সেই সব শীতবস্ত্র গিয়েছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা।
ছিটমহলের রহমতপুর গ্রামের লাভলী বেগম, বৃদ্ধা বেলজান বেগম বলেন, তাদের মতো গরিব, মানুষের বাড়িতে কামলা খেটে পেট চালানো মানুষরাই শীতবস্ত্র পাননি।
তবে দহগ্রাম-অংঙ্গরপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রামানিক অভিযোগ অস্বীকার করে বলেছেন, "চাহিদার তুলনায় অনেক কম কম্বল পাওয়া যাওয়ায় সবাইকে সন্তুষ্ট করা সম্ভব হয়নি। তাই কম্বল না পেয়ে ক্ষোভের কারণে কেউ এ ধরনের অভিযোগ করতে পারে।"
তবে সরকারি কর্মকর্তারা অপ্রতুল শীতবস্ত্রের কথাও স্বীকার করেছেন।
রোটারি ইন্টারন্যাশনাল বৃহত্তর রংপুর-দিনাজপুর ও লালমনিরহাট অঞ্চলে ১৮ জানুয়ারি পর্যন্ত কম্বল ও জ্যাকেটসহ মোট ১০ হাজার শীতবস্ত্র বিতরণ করেছে। কিন্তু স্বেচ্ছাসেবী এ সংস্থাটির দেওয়া শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগ পেয়ে প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে ঢাকা থেকে দহগ্রাম-অংঙ্গরপোতা ছিটমহলে আসা রোটারিয়ান মাকসুদুল আলম বলেন, "এখানকার পরিস্থিতি খুবই খারাপ। এখনো অনেকেই শীতবস্ত্র পাননি। এখানে (ছিটমহল) আরো কিছু শীতবস্ত্র পাঠানো হবে। তবে এবার স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকা তৈরি করে তারপর বিতরণ করা হবে।"
গত ১৮ জানুয়ারি দুপুরে পানবাড়ী ছিটমহলের বাসিন্দা বাদশা রহমানের (৬০) পাটগ্রাম ইউএনও কার্যালয়ের সামনে তিনদিন অপেক্ষার পর ইউএনডিপি থেকে দেওয়া একটি কম্বল পেয়ে খুশিতে তা নেড়েচেড়ে দেখছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুশ্চিন্তায় ডুবে যান তিনি।
কাছে গিয়ে কারণ জানতে চাইলে ক্ষোভের সঙ্গে বলেন, "এডা দিয়ি কি সবার জার যাবি? পরিবারে আরও আটজন আছে, তাগের কি হবেন?"
গ্রামের সরকার দলীয় নেতাসহ অনেকের কাছে ধর্ণা দেওয়ার পর এই প্রথম একটি শীতবস্থ পাওয়া বাদশা আরও বলেন, "আগে যেগুলি আসিছি সবই তো খায়ে ফেলিছে। নেতা-ফেতা আর কত অফিসার আছে না?"
শীতবস্ত্র বিতরণে অনিয়মের এ ধরনের অভিযোগ শুধু লালমনিরহাট জেলার বাসিন্দাদেরই না। গত এক সপ্তাহে রংপুর, লালমনিরহাট, নীলফমারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল ঘুরে সব জায়গায়ই প্রায় একই অভিযোগ পাওয়া যায়।
রংপুরের কাউনিয়া উপজেলার পাঁচ নং বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের দিনমজুর লিটন মিয়া বলেন, "চেয়ারম্যান মেম্বারগো পেডই ভরে না। হাতির পেট ভরবো তাও হেগো পেড ভরবার না। ত্রাণের (শীতবস্ত্র) কথা খালি লোকের মুখেতই শুনি। এখনো নিজ চোখে দেখবার নাই।"
একই ধরনের অভিযোগ শোনা গেলো পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডোবা ইউনিয়নের বাসিন্দা সিদ্দিকুল ইসলাম, নীলফামারীর ডিমলা উপজেলার ছাতার চরের বিধবা জুলেখা (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের রাধাবল্লভ গ্রামের আজিজার রহমানেরও কাছেও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/কিউএইচ/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24