নওগাঁ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর পোরশা উপজেলায় একটি আম বাগানের নয় শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে পোরশার শাহ মোহাম্মদ হামজা চৌধুরীর বাগানের মুকুল আসা আম গাছগুলো কেটে ফেলে তারা।
পুলিশ বলেছে, জায়গাটি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
পোরশা থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক জিয়া সাংবাদিকদের বলেন, গাছগুলো কেটে বাগানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
তিনি জানান, হামজা চৌধুরী উপজেলার ধুলাডাঙ্গা গ্রামে ৯৫ বিঘা জমিতে এই আম বাগান করেন। এখানে ফজলি, ল্যাংড়া, গোপালভোগসহ বিভিন্ন প্রজাতির নয় শতাধিক আমের চারা লাগানো হয়। চার থেকে পাঁচ বছর বয়সের ওই গাছগুলোতে এবার মুকুলও এসেছে।
এসআই জিয়াউল হক জানান, হামজা চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী। তাকে আসার জন্য খবর পাঠানোর হয়েছে।
এ ব্যাপারে পোরশা থানায় মামলা করার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫২ ঘ.
bdnews24