২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখি এবারো এলো না

বরণ উৎসবে পাখিদের দেখা নেই। তাই মন খারাপ তমাল, মিতু ও শিমুলের। তিন শিশুর গলায় আক্ষেপ, ছবির পাখি আর আসল পাখি দেখা কি এক হলো?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 12:07 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরণ উৎসবে পাখিদের দেখা নেই। তাই মন খারাপ তমাল, মিতু ও শিমুলের। তিন শিশুর গলায় আক্ষেপ, ছবির পাখি আর আসল পাখি দেখা কি এক হলো? প্রায় ঘন্টা তিনেক অপেক্ষাতেও পাখিদের দেখা না পেয়ে ছবি দেখেই সাধ মেটাতে হয়েছে তাদের। ঘরবন্দী জীবন থেকে বেরুতে পারার জন্য হলেও শিশুদের চোখেমুখে আনন্দ। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা চিড়িয়াখানার প্যগোডা দ্বীপে 'পাখি বরণ উৎসব ২০১০' এর আয়োজনে এই-ই ছিল দৃশ্য। দ্বীপসংলগ্ন জলাশয়টিতে শীতকালে অতিথি ও দেশী পাখির আনাগোনা দেখা যায় বলে জানান আয়োজক কমিটির সমন্বয়কারী সাজাহান সরদার। কিন্তু 'বরণ' করতে এসেছে যাদের তাদেরই যখন দেখা নেই; তখন শিশুমনে প্রশ্ন। তমালের প্রশ্ন, কিন্তু পাখি নেই কেন? পাখি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সংরক্ষণের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে দাবি করা হলেও টেলিস্কোপ দিয়ে পাখির সঙ্গে দর্শনার্থীদের পরিচয় করানো ছাড়াই এবার উৎসব শেষ করতে হয়েছে আয়োজকদের। জলাশয়ে পাখি নেই কেন জানতে চাইলে পাখি বরণ উৎসব কমিটির জাতীয় সমন্বয়কারী সাজাহান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলবায়ু পরিবর্তন, পাখির আবাসস্থল সংকোচন, বিষ প্রয়োগে হত্যা কিংবা শিকার করার কারণে দিন দিন দেশে অতিথি (পরিযায়ী) পাখির আগমনের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি দেশি পাখির সংখ্যাও কমছে।" তিনি জানান, পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০২ সাল থেকে পাখি বরণ উৎসবের আয়োজন করা হচ্ছে। গতবছরও এখানে উৎসবের আয়োজন করা হয়। তবে পাখির দেখা তেমন মেলেনি। আর এবার জলাশয়ে ছয়টি সরালী ও বেশ কিছু গার্ডওয়াল পাখি দেখা গেছে। রাজধানীর ধানমণ্ডি থেকে উৎসবে আশা দর্শনার্থী মিজানুর রহমান বলেন, "পাখির আবাসস্থল ধ্বংসের কারণে আগের মতো আর পাখির দেখা মিলছে না।" আট বছর বয়সের তামান্না মুন বলে, "আমি উৎসবে এসেছি পাখির ছবি আঁকতে।" পাখি নেই তাহলে কীভাবে আঁকবে জানতে চাইলে বলে, "ছবিতে যে পাখি দেখা যাচ্ছে তা দেখে। তবে সত্যি সত্যি পাখি দেখে আঁকতে পারলে খুব ভালো হতো।" সকাল সাড়ে ১০ টায় উৎসবের উদ্বোধন করেন পরিবেশ ও বন সচিব ড. মিহির কান্তি মজুমদার। এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. জাফর আহমেদ খান, উপকূলীয় জলাভুমি জীব বৈচিত্র ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জাফর সিদ্দিক, ঢাকা চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক (কিউরেটর) ড. মোছাদ্দেক হোসেন ও পাখিবরণ উৎসব জাতীয় কমিটির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ। মিহির কান্তি মজুমদার বলেন, "পাখি যেকোনো জায়গায় বাসা বাঁধে না। আমাদের দেশে যেসব বিদেশী গাছ (যেমন আকাশমনি) আছে তাতে তারা বসে না।" পাখির জীবনাচরণ সম্পর্কে জানাতে এধরণের উৎসব খুবই সহায়ক মন্তব্য করে তিনি বলেন, "এই উৎসবকে জেলা, উপজেলা এমকি গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। মূলত পাখি প্রকৃতির ইন্ডিকেটর, ব্যরোমিটার বা থর্মোমিটার। যেখানে পাখির বসবাস বেশি আছে বুঝতে হবে সেখানে পরিবেশও ভালো আছে।" সাজাহান সরদার বলেন,"পাখিদের নিয়ে গবেষণা, তাদের সম্পর্কে জানা ও সংরক্ষণের জন্য এ আয়োজন। শিশু ও তাদের অভিভাবকদের এ বিষয়ে আগ্রহী করে তুলতে আমরা উৎসবের আয়োজন করে আসছি।" তিনি বলেন, "গত তিন বছর ধরে দেশে অতিথি পাখির আগমন অনেক কমে গেছে। সাধারণত দেশে প্রায় ২৫০ প্রজাতির জলচর ও বনবাসী অতিথি পাখি দেখা যায়। আজ থেকে ২০-২৫ বছর আগেও এদেশে ১৬০ প্রজাতির জলচর পাখি দেখা গেছে। আর গত বছর প্রধান ২০টি জলাভূমিতে জরিপ চালিয়ে ৬৮ প্রজাতির জলচর পাখির সন্ধান মিলেছে।" তত্ত্বাবধায়ক ড. মোছাদ্দেক হোসেন বলেন, "চিড়িয়খানায় গত কয়েক বছর ধরে পাখি আসা কমে গেছে। কারণ মানুষ পাখির ওপর অত্যাচার করে। পাখিদের বিচরণও কম।" উৎসবে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পাখি বিষয়ক বইয়ের প্রদশর্নীর আয়োজন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জিএনএ/১৮০০ ঘ.