ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইপড়ার ওপর প্রতিযোগিতার আয়োজন করে ৫ হাজার ৩৬২ শিশু-কিশোরকে পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।
প্রতিযোগিতার মাধ্যমে ২৫ হাজার জনের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়। পুরস্কৃতদের মধ্য থেকে লটারির মাধ্যমে ছয়জনকে সার্কভুক্ত দেশ সফরে পাঠানো হবে।
শুক্রবার সকালে রমনা বটমূলে দুইদিনব্যাপী পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্ণধার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
২৫ বছর আগে 'আলোকিত মানুষ' তৈরির লক্ষ্যে সারাদেশের স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কর্মসূচি শুরু করে। তারপর থেকে ধারাবাহিকভাবে তার আয়োজন হয়ে আসছে।
স্বাগত বক্তব্যে আবদুল্লাহ আবু সায়ীদ বইপড়া কর্মসূচির পটভূমি ব্যাখ্যা করে বলেন, "বইপড়ার মাধ্যমে মানুষকে জাগাতে হবে। শিশুদের নিজের তরঙ্গ মনে ঢেউ জাগাতে হবে যেন তারা বুঝতে পারে আনন্দে আছে। আলোকিত মানুষ হতে হলে বইপড়ার কোনো বিকল্প নেই।"
সব স্কুলে বইপড়ার কার্যক্রম চালু ও ভ্রাম্যমাণ গ্রন্থাগার ছড়িয়ে দিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, লেখক ইমদাদুল হক মিলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি মোবাশ্বের হোসেন, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক দাস দেবপ্রসাদ ও অভিনেতা খায়রুল আলম সবুজ বিজয়ীদের হাতে বই তুলে দেন।
বইপড়া কর্মসূচি-২০০৯ এ রাজধানীর ৭৫টি স্কুলের ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে শুক্রবার প্রথম দিনে ২৫টি স্কুলের ১ হাজার ৮০৬ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাকরাও অংশ নেন।
বিডিনিউজ টোিেয়
bdnews24