ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের মধ্যপাড়ায় মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুছ ছোবাহান এ দণ্ডাদেশ দেন। সেইসঙ্গে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলার বিবরণে বলা হয়, ২০০৭ সালের ২০ জুন দুপুরে ষাট বছর বয়সী বাড়ির দারোয়ান ভুলু মিয়া একটি পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে গিয়ে ১২ বছর বয়সী ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে। প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি এ ঘটনা শিশুটির মাকে জানালে তিনি বাদী হয়ে ভুলু মিয়াকে আসামি করে পরের দিন সবুজবাগ থানায় মামলা দায়ের করেন।
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী ফাহমিদা আক্তার এবং ওই আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন।
বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/পিবি/এইচএ/২২২০ ঘ.
bdnews24