ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)-এর ২০১০ সালের বার্ষিক সাধারণ নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
তবে এর আগেই সভাপতি আখতারুজ্জামান লাবলু ও সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ কয়েকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মোট ১৩টি পদের মধ্যে ৭টি পদ ছাড়া বৃহস্পতিবার ৬টি পদে নির্বাচন হয়। এতে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সরোয়ার আলম ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিত্যগোপাল তুতু ভোট পেয়েছেন ৬৩। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমীর মোহাম্মদ জুয়েল। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক সংগ্রামের মোঃ তোফাজ্জল হোসেন কামাল ৪৩ ভোট পেয়েছেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নয়ন মুরাদ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হালিম মোহাম্মদ ৬৮ ভোট পেয়েছেন। এছাড়া ৩টি কার্যনির্বাহী সদস্য পদের জন্যে প্রার্থী ছিলেন ৪জন। এদের মধ্যে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন বাবু (৮৬ ভোট), মোঃ জাকারিয়া (৮৩ ভোট) এবং আবু জাফর (৭৫ ভোট)।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত অন্যরা হচ্ছেন সহ-সভাপতি মির্জা মেহেদী তমাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান খান, অর্থ সম্পাদক মাহবুব আলম লাবলু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আকতার হোসেন এবং দপ্তর সম্পাদক আজিজুল হাকিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১২২ঘ.
bdnews24