২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৃত ইতিহাস মাটি চাপা দিয়ে রাখা যায় না: আসাদুজ্জামান নূর

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ইতিহাস বিকৃত হয়েছে কিন্তু প্রকৃত ইতিহাসকে মাটি চাপা দিয়ে রাখা যায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 01:58 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

টাঙ্গাইল, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, ইতিহাস বিকৃত হয়েছে কিন্তু প্রকৃত ইতিহাসকে মাটি চাপা দিয়ে রাখা যায় না। বৃহস্পতিবার বিচারপতি দেবেশ ভট্টাচার্য ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে বিচারপতি দেবেশ ভট্টাচার্য ও চিত্রা ভট্টাচার্য পদক বিতরণ ও আর্তদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এলেঙ্গা জমিদার বাড়ি প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবীনদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, "প্রতিভা কোন বড় ব্যাপার নয়। এ জন্য পরিশ্রম করতে হবে। সেখানে ফাঁকি দিলে বড় হওয়া সম্ভব নয়।" অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও মিডিয়া ব্যক্তিত্ব মাহবুবা চৌধুরী। ফাউন্ডেশনের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন নির্বাহী পরিচালক ড. ইরিনা ভট্টাচার্য, সহ-সভাপতি প্রদীপ কমল ভট্টাচার্য, কালিহাতী উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন উল হাসান প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন ছাত্রছাত্রীকে পদক ও দুঃস্থদের ৭শ' কম্বল ও ৫শ' সোয়েটার বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৯৫৫ঘ.