আবুল হোসেন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গাজীপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব প্রস্তুতি সম্পন্ন করে শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশি-বিদেশি মুসল্লিরা ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন।
২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিনদিনব্যাপী ইজতেমা শেষ হবে।
বুধবার বিকালে ইজতেমার মাঠে গিয়ে দেখা যায়, চূড়ান্ত প্রস্তুতির কাজ চলছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠ ও আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছে।
মুসল্লিদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আশ-পাশের হোটেল ও খাবার দোকানগুলোতে বুধবার ভ্রাম্যমাণ আদালতের কাজ শুরু হয়েছে। ফ্রি-মেডিক্যাল ক্যাম্প স্থাপনের কাজও চলছে দ্রুতগতিতে।
ইজতেমায় যাতায়াতকারীদের সুবিধায় বিশেষ ট্রেন ও বাস সার্ভিসের ব্যবস্থাও করেছে বাংলাদেশ রেলওয়ে ও বিআরটিসি।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বুধবার সাংবাদিকদের জানান, আকাশ, স্থল ও নদীপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠের চারপাশে পর্যাপ্ত সংখ্যক র্যাবের পর্যবেক্ষণ টাওয়ার এবং প্রবেশপথসহ ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।
টঙ্গীর মন্নু নগর ক্যাম্পাসে ইজতেমা উপলক্ষে স্থাপিত র্যাবের কন্ট্রোলরুমে থেকে পুরো মাঠ এলাকায় র্যাবের নজরদারি শুরু হয়েছে। পুরো এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ১৩ হাজার সদস্য দাায়িত্ব পালন করছে।
ইজতেমা মাঠে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ডেসকো'র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিস্টেম কন্ট্রোলের মহাপরিচালক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, দুইটি গ্রিড সাব-স্টেশন থেকে ১১ কেভি'র ৩টি ফিডারের মাধ্যমে মাঠে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া মাঠে চারটি ট্রলি মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাব-স্টেশন সবসময় প্রস্তুত রয়েছে। এর বাইরেও থাকবে চারটি জেনারেটর।
"যদি সব গ্রিডও ফল করে মাঠে বিদ্যুত সংযোগ থাকবে", বলেন তিনি।
মন্নু নগর এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশত ফ্রি-মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর মধ্যে বাটা গেইটে, মন্নু গেইটে ও হোন্ডা কারখানার গেইটে তিনটি ক্যাম্প রয়েছে। এছাড়া ১২টি অ্যাম্বুলেন্স ইজতেমা মাঠের পাশে ও টঙ্গী হাসপাতালের ক্যাম্পাসে সার্বক্ষণিক মোতায়েন থাকবে।
গাজীপুরের সিভিল সার্জন মো. সাইদুর রহমান ভূইয়া জানান, টঙ্গীর ৫০ শয্যার হাসপাতালে ৪০টি শয্যা বাড়ানো হয়েছে। এখানে বিষেশজ্ঞ চিকিৎসকসহ ট্রমা ইউনিট, বার্ণ ইউনিট, এ্যাজমা ইউনিট ও কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে।
জন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ওয়াসা ২৪ ঘণ্টা বিশুদ্ধপানি সরবরাহ করবে ইজতেমা মাঠে।
এবারে ১ হাজার ৮৭২টি পাকা স্যানিটারি টয়লেট, আড়াই হাজার আধা পাকা টয়লেট ও তিন হাজার অস্থায়ী টয়লেট নির্মাণ করা হয়েছে। এছাড়া ওজু-গোসলের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।
গাজীপুরে জন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, নদীর পশ্চিম পাড়ের ওয়াসার দুটি এবং মাঠে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আরো ১১টি উৎপাদক গভীর নলকূপের মাধ্যমে মাঠে মুসল্লিদের ওজু-গোসল ও খাবারের পানি সরবরাহ করা হবে। এসব নলকূপ থেকে গড়ে প্রতি ঘণ্টা আড়াই লাখ গ্যালন পানি সরবরাহ হবে।
ওয়াসা'র নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম জানান, তাদের চার হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন দুটি পানিবাহী গাড়ি প্রয়োজনীয় স্থানে পানি সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।
ইজতেমার 'মুরুব্বী' (নেতা) মো. আব্দল কুদ্দুস জানান, এবারে ২০-২৫ হাজার বিদেশি আসার সম্ভাবনা থাকায় মাঠের উত্তর-পশ্চিম কোণায় বিদেশিদের আবাসন ব্যবস্থা বাড়ানো হয়েছে। এখানে গ্যাস ও টেলিফোনসহ নানা আধুনিক বিভিন্ন সুবিধা থাকবে।
ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান, সৌদি আরব, মরোক্কা, সুদান, জর্দান, আলজেরিয়া, কাতার, ফিলিস্তিন, বাহরাইন, তিউনিসিয়া, ইয়ামেন, ইরাক, ইথিওপিয়া, লেবানন, জিবুতি, সোমালিয়া ও ফ্রান্সের দেড়সহস্রাধিক বিদেশি এসে পৌঁছেছেন।
এদিকে ইজেতেমায় যাতায়ত নির্বিঘ
bdnews24