ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাট্য ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের খণ্ডকালীন শিক্ষক সাঈদ আহমদ মারা গেছেন।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান বলে নাট্যকলা বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
সাঈদ আহমদের বয়স হয়েছিলো ৭৯ বছর। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
অধ্যাপক ইসরাফিল জানান, হাসপাতাল থেকে অধ্যাপক সাঈদের লাশ তার লালমাটিয়ার বাড়িতে নেওয়া হয়েছে।
সাইদ আহমদ ১৯৩১ সালের ১ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৫৪ থেকে '৫৬ সাল পর্যন্ত তিনি বিবিসিতে কাজ করেন।
ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড, হংকং, ভারত, জাপান, মালয়েশিয়া, মরক্কো, নরওয়ে, থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও থিয়েটার একাডেমিতে তিনি পড়িয়েছিলেন।
প্রকৃতির শক্তির বিরুদ্ধে মানুষ কিভাবে লড়াই করে টিকে থাকে- সাইদ আহমদের লেখায় তাই উঠে এসেছে। তার বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে কালবেলা (১৯৬২), মাইলপোস্ট (১৯৬৫), এক দিন প্রতিদিন (১৯৭৪), শেষ নবাব (১৯৮৮) ইত্যাদি।
তার নাটক ইংরেজি, ফরাসি, জার্মান ও ইতালিয়ান ভাষাতেও অনুদিত হয়েছে।
১৯৭৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯৩ সালে ফ্রেঞ্চ লিজিয়োঁ দো' অনার পুরস্কার লাভ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24