ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ চাষে দেশের আদিবাসী জনগোষ্ঠীর বিপুল সম্ভাবনা রয়েছে। পুকুর ও ধানী জমিতে মাছ চাষের মাধ্যমে উপার্জন বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নও সম্ভব।
বুধবার বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ফোরাম (বিএফআরএফ) আয়োজিত মৎস্য সম্মেলন ও গবেষণা মেলায় প্রকাশিত সমীক্ষায় একথা বলা হয়েছে।
দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের রংপুর, জয়পুরহাট, দিনাজপুর, শেরপুর ও নেত্রকোনার আদিবাসীদের ওপর এ সমীক্ষা চালানো হয়।
এতে দেখা যায়, আদিবাসীদের ৮২ শতাংশই কোনো না কোনোভাবে কৃষি'র উপর নির্ভরশীল। তবে তাদের ৮০ শতাংশ কোনো দিনই মাছ চাষ করেননি।
বিএফআরএফ'র সভাপতি সাইফুদ্দিন শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দু'বছর আদিবাসীদের ওপর পরিচালিত সমীক্ষায় বের হয়ে আসা এরকম তথ্য আমাদের একটি বিশেষ সফলতা। এর মাধ্যমে আদিবাসীদের জীবনের মানোন্নয়নের একটি পথ পাওয়া গেলো। দেশের মৎস্য সম্পদের উন্নয়নকল্পে অভিজ্ঞতা বিনিময়ের জন্য আজ এই ফোরামের সদস্যরা এক মঞ্চে উপবিষ্ট হয়েছেন।"
দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাইফুদ্দিন শাহ জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তাসহ নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে প্রায় তিনশ' গবেষক, শিক্ষাবিদ এবং মৎস্য চাষ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন, যারা তাদের গবেষণা কর্ম এতে তুলে ধরবেন।
প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, "নির্বিচারে মাছ আহরণ বন্ধ করতে হবে।"
মাছ চাষের উন্নয়নে সরকার ক্ষুদ্র ও তৃণমূল পর্যায়ে সহায়তা দেবে বলেও জানান মন্ত্রী।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মৎস্য সম্পদে কী ধরনের অভিপ্রায়ণ ঘটেছে, কোন কোন মাছের চাষ কমেছে বা কোন মাছ বিলুপ্ত হয়েছে, উপকূলীয় এলাকায় কী পরিমাণ মাছের উপস্থিতি রয়েছে এসব বিষয়ে ব্যাপক গবেষণা প্রয়োজন।"
তিনি আরো বলেন, "মাছ-মাংস ছাড়া মেধাসম্পন্ন জাতি গঠন সম্ভব নয়। জাতির পর্যাপ্ত প্রোটিনের ভার আপনাদের ওপর।"
অনুষ্ঠানে মৎস্য গবেষণা খাতে অনন্য অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শাহাদাত আলী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলামকে আজীবন সম্মাননা পদকে ভূষিত করে বিএফআরএফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিকেএস/এএল/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24